১৯ অক্টোবর, ২০২৬ | সোমবারবাংলা: ৩ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ

৩০ বছর যে সাপ নিয়ে খেলা, শেষ পর্যন্ত সেই সাপের ছোবলেই মৃত্যু ওঝার!

f78428dd8d4c25a3692199a2936fa1ba-6ad625da0ac01

দিনাজপুরের নবাবগঞ্জে দীর্ঘ ৩০ বছর ধরে সাপ খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করা প্রবীণ সাপুড়ে লোগেন হাসদার (৫৫) মৃত্যু হয়েছে নিজের বাড়িতে রাখা বিষধর সাপের কামড়ে। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার চালনিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এলাকায় তিনি ‘পাগল ওঝা’ নামে পরিচিত ছিলেন।

নিহত লোগেন হাসদা নবাবগঞ্জ উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের চালনিপাড়া গ্রামের মৃত শংকর হাসদার ছেলে। প্রায় তিন দশক ধরে তিনি নবাবগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সাপের খেলা দেখিয়ে এবং ওঝার কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে সাপ খেলা দেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন লোগেন। এ সময় বাড়িতে রাখা সাপের বাক্স থেকে একটি সাপ বের করতে গেলে হঠাৎ একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। মুহূর্তেই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের পর তার মৃত্যু হয়।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে যে সাপকে সঙ্গী করে খেলা দেখিয়ে জীবিকা চালিয়েছেন লোগেন হাসদা, শেষ পর্যন্ত সেই সাপের ছোবলেই থেমে গেল তার জীবন। ঘটনাটি এলাকায় শোকের আবহ তৈরি করেছে।

Advertisements
Advertisements