১৭ অক্টোবর, ২০২৬ | শনিবারবাংলা: ১ কার্তিক ১৪৩৩
শিক্ষা

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর

dhaka-mnxhggxh37clml3-2026041323

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের আবেদন শুরু হচ্ছে আগামী ২৬ অক্টোবর। শিক্ষার্থীরা ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। এ ধাপে নির্বাচিতদের ফল প্রকাশ করা হবে ৩০ অক্টোবর রাত ৮টায়।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আনোয়ারুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে আবেদন না করা শিক্ষার্থীদের পাশাপাশি আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীরা শেষ ধাপে অংশ নিতে পারবে। এ ছাড়া নির্বাচিত হওয়ার পর নিশ্চায়ন সম্পন্ন করতে না পারা, নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে ব্যর্থ হওয়া কিংবা কোটাসংক্রান্ত ভুলের কারণে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবে।

তৃতীয় ধাপে কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ৩১ অক্টোবর রাত ৮টার মধ্যে নির্বাচন নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তাদের মনোনয়ন ও আবেদন বাতিল হয়ে যাবে।

নিশ্চায়ন সম্পন্ন করা শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। এরপর ২ ও ৩ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

এদিকে, দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের তৃতীয় ধাপে নতুন করে আবেদন ফি দিতে হবে না। তাদের জন্য ২২০ টাকা আবেদন ফি মওকুফ করা হয়েছে। এ ক্ষেত্রে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে কলেজের পছন্দক্রম নির্বাচন অথবা সংশোধন করতে হবে।

Advertisements

আবেদনের সময় শিক্ষার্থীদের নিজ নিজ কোটার যোগ্যতা যাচাই করে সঠিক কোটা নির্বাচন করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি পরিশোধ এবং কলেজে ভর্তির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

Advertisements