১৪ অক্টোবর, ২০২৬ | বুধবারবাংলা: ২৯ আশ্বিন ১৪৩৩
ধর্ম

আমানতের টাকা অনুমতি ছাড়া অন্যকে ঋণ দেওয়া কি জায়েজ?

IMG_6161

ইসলামে আমানত রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। কেউ বিশ্বাস করে কোনো ব্যক্তির কাছে টাকা বা সম্পদ আমানত রাখলে তা যথাযথভাবে সংরক্ষণ করা এবং মালিকের কাছে ফিরিয়ে দেওয়া আমানতগ্রহীতার কর্তব্য। তাই আমানতের টাকা মালিকের অনুমতি ছাড়া অন্য কাউকে ঋণ দেওয়া কিংবা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা জায়েজ নয়। ইসলামের দৃষ্টিতে এমন কাজ আমানতের খেয়ানত হিসেবে গণ্য হয়।

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে তোমরা যেন প্রাপ্য আমানত প্রাপকদের কাছে পৌঁছে দাও।’ (সুরা নিসা, আয়াত: ৫৮)

মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আরও বলেন, ‘এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে।’ (সুরা মুমিনুন, আয়াত: ৮)

ইসলামে আমানতের গুরুত্ব বোঝাতে হাদিসেও বিশেষভাবে সতর্ক করা হয়েছে। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘চারটি স্বভাব যার মধ্যে পাওয়া যাবে, সে খাঁটি মুনাফিক। আর যার মধ্যে তার একটি দেখা যাবে, তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থাকবে, যে পর্যন্ত না সে তা পরিহার করবে।’ এরপর তিনি আমানতের খেয়ানত, মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা এবং ঝগড়ার সময় অশ্লীল ভাষা ব্যবহারের কথা উল্লেখ করেন। (সহিহ বুখারি, হাদিস: ৩৪)

ইসলামের বিধান অনুযায়ী, আমানতের সম্পদের মালিক আমানতকারী নিজেই। আমানত গ্রহণকারী ওই সম্পদের মালিক নন। তাই মালিকের অনুমতি ছাড়া সেই সম্পদ ব্যবহার করা কিংবা তা দিয়ে অন্য কোনো আর্থিক লেনদেন করার অধিকার তাঁর নেই। অনুমতি ছাড়া আমানতের টাকা অন্যকে ঋণ দেওয়া হলে তা আমানতের খেয়ানত হিসেবে বিবেচিত হবে, যা ইসলামে নিষিদ্ধ।

এ বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, আল্লাহ ও রাসুলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না এবং জেনে-শুনে নিজেদের আমানতের খেয়ানত করো না।’ (সুরা আনফাল, আয়াত: ২৭)

Advertisements

ইসলামি আইনবিদ ইমাম সারাখসি (রহ.)-এর বক্তব্য অনুযায়ী, আমানতগ্রহীতার আমানতের সম্পদে নিজের ইচ্ছামতো হস্তক্ষেপ করা কিংবা তা ব্যবহার করে মুনাফা অর্জনের অধিকার নেই।

এ ছাড়া মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ গ্রন্থেও এ বিষয়ে বিধান উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, আমানতগ্রহীতা মালিকের অনুমতি ছাড়া আমানতের টাকা অন্য কাউকে ঋণ দিলে এবং মালিক তা অনুমোদন না করলে, ওই টাকার জন্য আমানতগ্রহীতাকে দায়ী হতে হবে।

সুতরাং, কেউ কারও কাছে টাকা আমানত রাখলে মালিকের অনুমতি ছাড়া সেই টাকা অন্যকে ঋণ দেওয়া বা অন্য কোনো কাজে ব্যবহার করা জায়েজ নয়। আমানতের যথাযথ হেফাজত করা এবং তা মালিকের কাছে ফিরিয়ে দেওয়া প্রত্যেক আমানতগ্রহীতার ধর্মীয় ও নৈতিক দায়িত্ব।

Advertisements