টিউশনের টাকা জমিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘অন্যপাতা’

পড়াশোনা, ক্লাস-পরীক্ষা আর টিউশনের ব্যস্ততার মধ্যেই নিজেদের উপার্জিত অর্থ জমিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন দেশের চারটি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাদের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত প্রথম সিনেমা ‘অন্যপাতা’ আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে।
এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির নেপথ্যে কাজ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৪০ জনেরও বেশি শিক্ষার্থী।

নির্মাতাসূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে ধাপে ধাপে সিনেমাটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। মাত্র ছয়জনের একটি ছোট দল নিয়ে যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা ৪০ জনের বেশি তরুণের একটি দলে পরিণত হয়।
সিনেমাটির গল্পের পটভূমি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে ঘিরে। ভর্তি যুদ্ধ, পারিবারিক চাপ, পরিচয় সংকট ও কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা উঠে এসেছে এতে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা চালানো এক তরুণের জীবনের সঙ্গে প্রেমের গল্প মিলিয়ে সাজানো হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। এর পরিচালক চুয়েটের শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি।
নিজের অনুভূতি জানিয়ে পরিচালক বলেন, ‘আমাদের দেশের সিংহভাগ শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কষ্টকর সময় কাটে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়কালে। সেই সময়ের টিকে থাকার একটি মিষ্টি অভিজ্ঞতার গল্পই “অন্যপাতা”।’
১ ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটিতে রয়েছে ছয়টি মৌলিক গান ও আবহসংগীত। পাশাপাশি চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্য তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। নির্মাতাদের দাবি, গল্পের প্রবাহ ও সংলাপে বর্তমান তরুণ প্রজন্মের ভাষা ও অভিজ্ঞতার প্রতিফলন রয়েছে।
সিনেমাটির প্রযোজক চুয়েটের শিক্ষার্থী অংকন দে অনিমেষ ও বুয়েটের শিক্ষার্থী আবতাহী শামস বলেন, ‘অন্যপাতা’র গল্প খুবই চেনা, কিন্তু এর এক্সপেরিয়েন্সটা বাংলাদেশে বেশ অচেনা। আশা করছি, সব বয়সের মানুষের কাছেই এই ফ্রেশ, সরল, মিষ্টি গল্পটা ভালো লাগবে।’
চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল ও প্রত্যাশা। অন্যান্য চরিত্রে রয়েছেন শাইম, নোমান, অনিমেষ, একুশী, ইমরান, মনন ও রোবেনসহ আরও অনেকে।
সিনেমাটির কারিগরি ও শিল্প নির্দেশনার দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইন্দ্র নীল। চিত্রগ্রহণ করেছেন ইব্রাহিম বিন আনছারী। ছয়টি মৌলিক গানের সংগীত পরিচালনা করেছেন ফাহরিয়ান তাসজিম মনন এবং আবহসংগীত তৈরি করেছেন আইনান। কাস্টিং পরিচালকের দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোমান।
ইতোমধ্যে ‘অন্যপাতা’র ঘোষণা পোস্টার, মোশন ভিডিও ও অফিশিয়াল মূল পোস্টার প্রকাশ করা হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, শিগগিরই সিনেমাটির অফিশিয়াল ট্রেলার ও মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।



