৯ অক্টোবর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩
বিনোদন

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শাকিব-মিথিলা

98ac50aaf9cda90029b3199824df4185-6ac90ad1adfaa

এক বিমানে পাশাপাশি শাকিব খান ও তানজিয়া জামান মিথিলা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি ঘিরে ভক্তদের মনে তৈরি হয় নানা প্রশ্ন। নতুন কোনো সিনেমার শুটিংয়ে যাচ্ছেন তাঁরা, নাকি রয়েছে অন্য কোনো বিশেষ পরিকল্পনা? কৌতূহলের অবসান ঘটিয়ে জানা গেল, নতুন সিনেমার শুটিং নয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতেই দেশ ছেড়েছেন ঢালিউডের এই দুই তারকা।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শাকিব খান ও মিথিলা। নিজেদের একসঙ্গে ভ্রমণের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন মিথিলা। বিমানে তোলা ছবির পাশাপাশি প্রকাশ করেছেন ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এর আনুষ্ঠানিক পোস্টারও।

ছবির ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘আগুন আর এলিনা আসছে ঢালিউড অ্যাওয়ার্ডে, দেখা হচ্ছে নিউইয়র্কে!’

মিথিলার এই বার্তায় নতুন করে আলোচনায় এসেছে তাঁদের অভিনীত সিনেমা ‘রকস্টার’। ছবিটিতে শাকিব খানের চরিত্রের নাম ছিল আগুন, আর মিথিলা অভিনয় করেছিলেন এলিনা চরিত্রে। পর্দার সেই দুই চরিত্রের নাম ব্যবহার করেই নিউইয়র্কে একসঙ্গে উপস্থিত হওয়ার খবর জানিয়েছেন অভিনেত্রী। ফলে তাঁদের এই সফর ঘিরে ভক্তদের আগ্রহও বেড়েছে।

আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির এভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। শোটাইম মিউজিক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন শাকিব খান। একই মঞ্চে উপস্থিত থাকবেন তানজিয়া জামান মিথিলাও।

প্রবাসী বাংলাদেশিদের কাছে ঢালিউডের তারকাদের উপস্থিতি বরাবরই বাড়তি আকর্ষণের বিষয়। নিউইয়র্কের এই আয়োজনেও তার ব্যতিক্রম হচ্ছে না। বিশেষ করে ‘রকস্টার’-এর আগুন ও এলিনাকে ঘিরে মিথিলার ইঙ্গিতপূর্ণ পোস্ট দুই তারকার ভক্তদের মধ্যে তৈরি করেছে বাড়তি উন্মাদনা।

Advertisements

এখন দেখার বিষয়, পুরস্কার বিতরণীর মঞ্চে শাকিব খান ও মিথিলার উপস্থিতি দর্শকদের জন্য কী চমক নিয়ে আসে। পর্দার পরিচিত দুই চরিত্রের নাম ধরে দেওয়া আমন্ত্রণ ইতোমধ্যেই অনুষ্ঠানটিকে ঘিরে আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

Advertisements