৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২১ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ, নাগরিক জীবনের প্রতিটি ধাপে কেন জরুরি নিবন্ধন

cfea8f69984cc1fd657cc61322fc2d86-6ac495acd2b6b

‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’—এই প্রতিপাদ্য সামনে রেখে আজ পালিত হচ্ছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। শুধু একটি সনদ সংগ্রহের আনুষ্ঠানিকতা নয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের পরিচয়, অধিকার এবং রাষ্ট্রের সঙ্গে তার আইনগত সম্পর্কের গুরুত্বপূর্ণ দলিল। তাই নাগরিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই নিবন্ধনের গুরুত্ব ক্রমেই বাড়ছে।

একটি শিশুর জন্মের পর তার নাম, জন্মতারিখ, জন্মস্থান এবং বাবা-মায়ের পরিচয়সহ বিভিন্ন তথ্য রাষ্ট্রের নথিতে সংরক্ষিত হয় জন্ম নিবন্ধনের মাধ্যমে। এটিই শিশুটির প্রথম আইনগত পরিচয়। পরবর্তী জীবনে শিক্ষা গ্রহণ, পাসপোর্ট তৈরি, বিবাহ নিবন্ধন, চাকরি, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, জাতীয় পরিচয়পত্র তৈরি কিংবা জমি নিবন্ধনের মতো নানা কাজে জন্ম নিবন্ধনের তথ্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪-এর ধারা ১৮ অনুযায়ী, সরকার কর্তৃক ইস্যু করা জন্ম ও মৃত্যু সনদ আদালত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন দাফতরিক কাজে একজন ব্যক্তির বয়স, জন্ম ও মৃত্যুর তথ্যের আইনগত সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। একই আইনে জন্ম ও মৃত্যু নিবন্ধনের নথি ও নিবন্ধন বহিকে পাবলিক ডকুমেন্ট বা সাধারণ দলিল হিসেবে গণ্য করা হয়েছে।

আইনে আরও বলা হয়েছে, পাসপোর্ট ইস্যু, বিবাহ নিবন্ধন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি, ড্রাইভিং লাইসেন্স, ভোটার তালিকা প্রণয়ন, জমি নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং জীবনবিমা পলিসিসহ বিভিন্ন ক্ষেত্রে বয়স প্রমাণের জন্য জন্ম সনদ ব্যবহার করতে হবে। ফলে জীবনের একটি ছোট্ট নথি পরবর্তী সময়ে নাগরিকের নানা গুরুত্বপূর্ণ কাজের ভিত্তি হয়ে দাঁড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের বিভাগীয় প্রধান ও প্রকল্প পরিচালক আবু হাসানাত মোহাম্মদ কিশোয়ার হোসেন বলেন, জন্ম নিবন্ধন রাষ্ট্রের কাছে একটি শিশুর আইনগত অস্তিত্বের প্রাথমিক প্রমাণ। এটি শিশুর প্রথম আইনগত পরিচয়। জন্ম নিবন্ধন না থাকলে পরবর্তী সময়ে বিভিন্ন মৌলিক অধিকার ও সেবা পাওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়তে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জন্ম নিবন্ধন না থাকলে সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা গ্রহণে জটিলতা তৈরি হয়। বর্তমানে বিবাহ নিবন্ধন ও পাসপোর্টের পাশাপাশি টিকাদান, বিদ্যালয়ে ভর্তি এবং শিশুদের বিভিন্ন সেবার ক্ষেত্রেও জন্ম নিবন্ধনের প্রয়োজন হচ্ছে। সময়ের সঙ্গে নতুন নতুন সেবার সঙ্গে জন্ম নিবন্ধনের সম্পর্কও তৈরি হচ্ছে। তবে জন্ম নিবন্ধন করলেই দায়িত্ব শেষ নয়। নিবন্ধনের সময় তথ্যের নির্ভুলতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। শিশুর নাম, জন্মতারিখ, জন্মস্থান, বাবা-মায়ের নামসহ অন্যান্য তথ্য ভুলভাবে নথিভুক্ত হলে পরবর্তী সময়ে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, শিক্ষাগত সনদসহ বিভিন্ন সরকারি নথিতে অসঙ্গতি দেখা দিতে পারে। তখন একটি ছোট ভুল সংশোধন করতেই সময়, অর্থ ও প্রশাসনিক ভোগান্তি পোহাতে হয়। তাই নিবন্ধনের সময় প্রতিটি তথ্য যাচাই করে সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি।

জন্মের মতো মৃত্যুর নিবন্ধনও রাষ্ট্র ও পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। একজন নাগরিকের মৃত্যুর তথ্য সরকারি নথিতে যুক্ত না হলে তার সম্পদ, উত্তরাধিকার, পারিবারিক অধিকারসহ বিভিন্ন প্রশাসনিক কাজে জটিলতা তৈরি হতে পারে। সঠিক মৃত্যু নিবন্ধনের মাধ্যমে সরকারি রেকর্ড হালনাগাদ হওয়ার পাশাপাশি উত্তরাধিকারীদেরও প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা সহজ হয়। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, জন্ম ও মৃত্যু নিবন্ধনকে কেবল সরকারি দাপ্তরিক প্রক্রিয়া হিসেবে দেখলে হবে না। এটি একটি নির্ভুল নাগরিক তথ্যভান্ডার তৈরির অন্যতম ভিত্তি। জন্মের সময় সঠিক তথ্য সংরক্ষণ এবং মৃত্যুর পর সেই তথ্য হালনাগাদ করা গেলে রাষ্ট্রের জনসংখ্যা, নাগরিক সেবা ও প্রশাসনিক পরিকল্পনাও আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব।

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের মূল লক্ষ্যও তাই শুধু একটি দিবস পালন নয়; বরং নাগরিকদের মধ্যে এ বিষয়ে স্থায়ী সচেতনতা তৈরি করা। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি পালনের কথা রয়েছে। এসব কর্মসূচিতে জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রয়োজনীয়তা, নাগরিক জীবনে এর ব্যবহার এবং নির্ভুল তথ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হবে।

Advertisements

একটি শিশুর জন্মের সঙ্গে যে নিবন্ধনের যাত্রা শুরু হয়, মৃত্যুর পরও তার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে যায়। তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাগরিকের পরিচয় ও অধিকার সুরক্ষায় নির্ভুল নিবন্ধন শুধু একটি সনদ নয়—এটি সুশাসন ও সুশৃঙ্খল রাষ্ট্রব্যবস্থার অন্যতম ভিত্তি।

Advertisements