বিদায়ের আগে আবেগঘন মেসি, ‘বিশেষ মুহূর্তগুলো মিস করবো’

একটি অধ্যায়ের শেষ হতে চলেছে। যে জার্সিতে অসংখ্য রাতকে স্মরণীয় করেছেন, যে জার্সিতে পেয়েছেন স্বপ্নের বিশ্বকাপ- সেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বিদায়ের ক্ষণ যত ঘনিয়ে আসছে, ততই যেন আবেগ ছুঁয়ে যাচ্ছে ফুটবলের এই মহাতারকাকে।
বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও বেনিন। ম্যাচটিকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা আবেগ ও স্মৃতিচারণ।

বিদায়ী ম্যাচের আগে দলীয় অনুশীলনেও যোগ দিয়েছেন মেসি। এজেইজায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কমপ্লেক্সে সতীর্থদের সঙ্গে অনুশীলনে তাকে দেখা গেছে বেশ হাসিখুশি ও স্বাভাবিকভাবেই। তবে সেই হাসির আড়ালেই যে বিদায়ের ভারী অনুভূতি কাজ করছে, তা ফুটে উঠেছে তার সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে। অনুশীলনের বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। কোথাও সতীর্থদের সঙ্গে প্রাণখোলা হাসি, কোথাও আবার কঠোর অনুশীলনে ব্যস্ত মেসি। ছবিগুলোর সঙ্গে দেওয়া ছোট্ট ক্যাপশনটিই যেন বলে দিয়েছে অনেক কথা। মেসি লিখেছেন, ‘আমি নিশ্চিত এসব বিশেষ মুহূর্ত মিস করবো।’
ছবিগুলোর মধ্যে একটি বিশেষভাবে নজর কেড়েছে। সেখানে আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের পাশাপাশি ছিলেন মাঠের কর্মী এবং এএফএর সঙ্গে যুক্ত সদস্যরাও। ছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাপিয়াও। যেন মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোর একটি সম্মিলিত স্মৃতিচিত্র হয়ে উঠেছে সেই মুহূর্ত। আর্জেন্টিনার জার্সিতে মেসির পথচলা অবশ্য সবসময় এতটা উজ্জ্বল ছিল না। দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে খেলেও বড় কোনো শিরোপা জিততে না পারার হতাশা তাকে তাড়া করেছে। একাধিক ফাইনালে হার, সমালোচনা এবং জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত—সবকিছু পেরিয়ে শেষ পর্যন্ত বদলে যায় গল্প।
২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে আর্জেন্টিনার হয়ে প্রথম বড় আন্তর্জাতিক শিরোপার স্বাদ পান মেসি। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয় তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে এনে দেয় পূর্ণতা। পরবর্তী সময়ে আরও একটি কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার জার্সিতে নিজের সাফল্যের মুকুট আরও সমৃদ্ধ করেন তিনি।
এবার সেই পথচলার শেষ প্রান্তে দাঁড়িয়ে আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা। দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপসহ অসংখ্য স্মৃতি নিয়ে জাতীয় দলের জার্সিকে বিদায় জানাতে যাচ্ছেন মেসি।
শেষ ম্যাচের আগে তার একটি বাক্যই হয়তো পুরো আবেগটাকে ধারণ করছে—‘বিশেষ মুহূর্তগুলো মিস করবো।’ মেসির জন্য যেমন এটি বিদায়ের মুহূর্ত, তেমনি বিশ্বজুড়ে কোটি ভক্তের জন্যও এটি হতে যাচ্ছে একটি যুগের শেষের সাক্ষী হওয়ার মুহূর্ত।



