৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২১ আশ্বিন ১৪৩৩
নারী

সুনামগঞ্জে স্থানীয়দের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত

e21ff61b83bc309bf12f02fc60a9e731-6ac3ae8211fa9

সোমবার (৫ অক্টোবার) বিকেলে উপজেলা মিনি স্টেডিয়ামে সিলেটের জারা স্পোর্টিং ক্লাব ও দিরাইয়ের স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের মেয়েদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আয়োজকদের ভাষ্য, স্থানীয় কয়েকজন বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে খেলাটি বন্ধের দাবি জানান। পরে পুলিশও খেলা স্থগিত করার কথা বললে বিশৃঙ্খলা এড়াতে আয়োজকেরা ম্যাচটি স্থগিত করেন।

স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রাকিব আহমেদ বলেন, সোমবার সকালে ইউএনও সাহেব বলেছেন, যেহেতু দুটি পক্ষই দিরাইয়ের বাসিন্দা, তাই আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা করে খেলাটি আয়োজন করা হলে ভালো হয়। পরে পুলিশের পক্ষ থেকেও খেলা স্থগিত করতে বলা হয়। তাই বাধ্য হয়ে আমরা খেলাটি স্থগিত করেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে হবে।

স্থানীয় বাসিন্দা মাওলানা শরিফ উদ্দিন বলেন, আগে শুনেছিলাম কিশোরীরা ফুটবল খেলবে। এখন মাইকিং করে বলা হচ্ছে, মহিলাদের ফুটবল খেলা হবে। দিরাইয়ে এর আগে এভাবে মহিলাদের কোনো ফুটবল খেলা হয়নি। এর আগে স্থানীয় কিশোরীরা দিরাইয়ে ফুটবল খেলেছে, আমরা বাধা দিইনি।

তিনি আরও বলেন, এভাবে মাইকিং করে বাইরে থেকে নারী খেলোয়াড় এনে খেলার নামে মাঠে নাচানাচি ও অশ্লীলতা হবে এটা আমরা মানতে পারি না। আমরা খেলাধুলার বিরোধী নই, অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ করেছি।

এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার বলেন, চার-পাঁচ দিন আগে রাকিব আহমেদ নামের একজন এসে জানিয়েছিলেন, মাঠে কিশোরীদের ফুটবল খেলা হবে। এখন শুনছি, খেলার জন্য কারও কাছ থেকে স্পন্সর নেওয়া হয়েছে এ নিয়ে কিছুটা ঝামেলা আছে। পাশাপাশি স্থানীয় কিছু লোক নারীদের এই খেলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

Advertisements

ইউএনও বলেন, যেহেতু দুই পক্ষই দিরাইয়ের বাসিন্দা, তাই আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা করে খেলাটি আয়োজন করতে বলা হয়েছিল। পরে আয়োজকেরা জানিয়েছেন, বিশৃঙ্খলা এড়াতে তারা নিজেরাই খেলাটি স্থগিত করেছেন।

Advertisements