৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

অটোগ্যাসের দামেও বাড়তি চাপ লিটারপ্রতি দাম বাড়লো বিইআরসি

1280px-CNG_car

এলপিজির পর এবার যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১১ টাকা ৫৩ পয়সা বাড়ানো হয়েছে। ফলে এতদিন ৭৩ টাকা ৯ পয়সা দরে বিক্রি হওয়া অটোগ্যাসের নতুন দাম দাঁড়িয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা।
রোববার সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মূল্যেই অটোগ্যাস বিক্রি করতে হবে বলে জানিয়েছে বিইআরসি।

অটোগ্যাসের এই মূল্যবৃদ্ধির ফলে যানবাহনের জ্বালানি ব্যয়ে নতুন করে চাপ তৈরি হতে পারে। বিশেষ করে অটোগ্যাস ব্যবহারকারী ব্যক্তিগত ও গণপরিবহনের ক্ষেত্রে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। জ্বালানি খরচ বাড়লে পরিবহন ব্যয়েও তার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অটোগ্যাসের পাশাপাশি একই দিনে বাসাবাড়িতে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও বাড়ানো হয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।

ফলে অক্টোবরের শুরুতেই রান্নার জ্বালানি ও যানবাহনের জ্বালানি—দুই ক্ষেত্রেই বাড়তি খরচের মুখে পড়তে হচ্ছে ভোক্তাদের। একদিকে এলপিজির বাড়তি দাম, অন্যদিকে অটোগ্যাসের মূল্যবৃদ্ধি—দুই সিদ্ধান্তই সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ে নতুন চাপ তৈরি করতে পারে।

Advertisements