৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিনোদন

শুটিংয়ে দুইবার ইয়াশের কোল থেকে পড়ে যান নীহা

4e899c13-f049-45d5-b66c-5c3a76bebf67

জুটি হিসেবে ইয়াশ রোহান ও নাজনীন নীহাকে খুব বেশি নাটকে দেখা যায়নি। এর আগে ‘অবুঝ পাখি’, ‘উইশ কার্ড’ ও ‘মনের মতো মন’ নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। এবার নতুন নাটক ‘নিয়তি’ নিয়ে হাজির হয়েছেন এই জুটি। গত মঙ্গলবার মুক্তি পেয়েছে নাটকটি।

‘নিয়তি’ নাটকটি নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ্ আনান। নির্মাতা জানান, এটি ইয়াশ ও নীহার দ্বিতীয় কাজ হওয়ার কথা ছিল। তবে নানা কারণে নাটকটির প্রচারে কিছুটা দেরি হয়েছে।

একটি কলেজের দুই তরুণ-তরুণীর প্রেমের গল্পকে কেন্দ্র করে এগিয়েছে নাটকের কাহিনি। জয়দেবপুরের একটি কলেজে হয়েছে এর শুটিং। আর সেখানেই একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে ঘটে যায় মজার পাশাপাশি কিছুটা ঝুঁকিপূর্ণ ঘটনা।

নাটকের একটি দৃশ্যে নীহার চরিত্রকে কোলে তুলে সারপ্রাইজ দিতে গিয়ে পড়ে যাওয়ার কথা ছিল ইয়াশের চরিত্রের। দৃশ্যটি একেবারে বাস্তবসম্মতভাবে ধারণ করতে চেয়েছিলেন নির্মাতা। কিন্তু কয়েকবার চেষ্টা করেও কাঙ্ক্ষিতভাবে দৃশ্যটি ফুটিয়ে তোলা যাচ্ছিল না।

নির্মাতা মুহাম্মদ মিফতাহ্ আনান বলেন, ‘আমরা একদমই রিয়েলিস্টিকভাবে দৃশ্যটা চাচ্ছিলাম, যেটা দেখে মনে হবে সত্যিই পড়ে গেছে নীহা। কয়েকবার টেক নিয়েও হচ্ছিল না।’

এরপর দৃশ্যটি বাস্তবভাবে ধারণ করতে গিয়ে বিপত্তি ঘটে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, শুটিংয়ের সময় দুইবার ইয়াশ রোহানের কোল থেকে পড়ে যান নীহা। এতে কিছুটা ব্যথাও পেয়েছিলেন অভিনেত্রী।

Advertisements

মিফতাহ্ বলেন, ‘পরে বাস্তবিকভাবে দৃশ্যের শুটিং করতে গিয়ে দুইবার ইয়াশের কোল থেকে পড়ে যায় নীহা। কিছুটা ব্যথাও পেয়েছিল। দুজনের ডেডিকেশন আমাকে মুগ্ধ করেছিল।’

নির্মাতার কথায়, দৃশ্যটি ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে ইয়াশ ও নীহার এই আন্তরিকতা ও ঝুঁকি নেওয়ার মানসিকতা তাকে মুগ্ধ করেছে।

সিএমভি প্রযোজিত ‘নিয়তি’ নাটকে ইয়াশ রোহান ও নাজনীন নীহা ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও জয়নাল জ্যাক। নাটকটি এরই মধ্যে দর্শকদের সামনে এসেছে।

Advertisements