৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিনোদন

নুসরাত ফারিয়ার সঙ্গে কোথায় দেখা হলো ওয়াহাজ আলীর?

wahaj-with-fariya-20261004164628

পাকিস্তানি নাটকের জনপ্রিয় অভিনেতা ওয়াহাজ আলী এবার ঢাকায়। ‘তেরে বিন’ নাটকের মুরতাসিম চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়াজুড়ে পরিচিতি পাওয়া এই তারকাকে দেখা গেছে ঢাকার একটি জমকালো ফ্যাশন আয়োজনে। সেখানে তার সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে।

গত ২ ও ৩ অক্টোবর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’। জমকালো এই আয়োজনের একটি ফ্যাশন শোতে একসঙ্গে উপস্থিত হন ওয়াহাজ আলী ও নুসরাত ফারিয়া।

অনুষ্ঠানটির বেশ কিছু ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নুসরাত ফারিয়া। ছবিগুলোতে দুই তারকাকেই দেখা গেছে বেশ স্টাইলিশ সাজে। মুহূর্তেই ছবিগুলো নজর কেড়েছে ভক্তদের।

নুসরাতকে এদিন দেখা যায় ঐতিহ্যবাহী জামদানি মোটিফের গভীর বেগুনি রঙের স্ট্রেপলেস লেহেঙ্গা চোলিতে। মাথায় ভারী টিকলি, গলায় চওড়া নেকলেস, কানে ঝুমকা ও হাতে সোনালি চুড়িতে তাকে দেখা গেছে রাজকীয় সাজে।

ছবি প্রকাশ করে নুসরাত লিখেছেন, ‘জামদানির ঐতিহ্য নিয়ে হেঁটেছি, ভালোবাসার মাধ্যমে তুলে ধরেছি আমাদের পরিচয়, আর মনে জমিয়েছি অনন্য স্মৃতি।’

অন্যদিকে, ওয়াহাজ আলীকে দেখা গেছে ডার্ক নেভি ব্লু ফরমাল স্যুট ও একই রঙের শার্টে। ক্লিন-শেভড লুকে তার উপস্থিতিও ছিল নজরকাড়া। ভক্তদের অনেকের কাছেই তার এই লুক ‘তেরে বিন’-এর জনপ্রিয় চরিত্র মুরতাসিমের কথা মনে করিয়ে দিয়েছে।

Advertisements

দুই তারকাকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। নুসরাতের পোস্টের মন্তব্যঘরে অনেকেই তাদের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘পুতুলের মতো লাগছে’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘ওয়াও, দেখতে দারুণ লাগছে।’ এমনকি কেউ কেউ দুই তারকাকে একসঙ্গে সিনেমায় দেখার আগ্রহও প্রকাশ করেছেন।

একজন নেটিজেন মজা করে লিখেছেন, ‘এবার তাহলে ওয়াহাজের সঙ্গে একটা সিনেমা করে ফেলো।’

‘তেরে বিন’ দিয়েই তুমুল জনপ্রিয় ওয়াহাজ

পাকিস্তানি টেলিভিশন নাটকের পরিচিত মুখ ওয়াহাজ আলী। ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে তার অভিনয়ে অভিষেক হয়। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ভরাম’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।

তবে তার ক্যারিয়ারে সবচেয়ে বড় বাঁক আসে ‘তেরে বিন’ নাটকের মাধ্যমে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রচার শুরু হওয়া নাটকটির প্রথম সিজন শেষ হয় ২০২৩ সালের ৬ জুলাই।

নাটকটিতে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করেন ওয়াহাজ আলী। তার বিপরীতে মীরব চরিত্রে ছিলেন ইয়ুমনা জায়েদি। প্রেম, সম্পর্কের টানাপোড়েন ও দ্বন্দ্বের গল্পের এই নাটক পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পায়।

‘তেরে বিন’-এর সাফল্যের পর ওয়াহাজ আলীর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শকদের মধ্যেও। এবার সেই জনপ্রিয় ‘মুরতাসিম’কে ঢাকায় দেখে উচ্ছ্বসিত তার ভক্তরা।

Advertisements