সকালে চিয়া সিড খাওয়ার উপকারিতা

স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে চিয়া সিডের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সাধারণত পানিতে ভিজিয়ে কিংবা বিভিন্ন খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া হয় এই বীজ। এতে রয়েছে খাদ্যআঁশ, উদ্ভিজ্জ প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্টসহ নানা ধরনের প্রয়োজনীয় খনিজ।
তবে চিয়া সিড খাওয়ার নির্দিষ্ট কোনো সময় আছে কি? পুষ্টিবিদদের মতে, এর জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত নেই। তবে সকালের নাশতা বা মধ্যসকালের নাশতায় চিয়া সিড রাখলে দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করতে পারে।
চিয়া সিডে থাকা প্রোটিন ধীরে ধীরে শরীরে শক্তি জোগাতে সহায়তা করে। পাশাপাশি এতে থাকা উচ্চমাত্রার ফাইবার ক্ষুধা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। ফলে সকালের খাবারের সঙ্গে চিয়া সিড খেলে দুপুরের খাবারের আগে অতিরিক্ত ক্ষুধা লাগার প্রবণতা কমতে পারে।

পানিতে ভিজলে চিয়া সিড জেলির মতো হয়ে যায়। এটি পাকস্থলীতে পরিতৃপ্তির অনুভূতি বাড়াতে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করতে পারে। তবে শুধু সকালেই নয়, দিনের অন্য সময় খেলেও চিয়া সিডের পুষ্টিগুণ পাওয়া যায়।
চিয়া সিডের সম্ভাব্য উপকারিতা
১. পুষ্টিগুণে সমৃদ্ধ:
চিয়া সিডে ফাইবার, প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, আয়রন ও জিঙ্ক রয়েছে।
২. হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী:
সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে চিয়া সিডের ফাইবার ও ওমেগা-৩ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। পাশাপাশি প্রদাহ কমাতেও এর ভূমিকা থাকতে পারে।
৩. ওজন নিয়ন্ত্রণে সহায়ক:
ফাইবার ও প্রোটিন দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। এতে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করা সহজ হতে পারে।
৪. হজমে সহায়তা করে:
চিয়া সিডের ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে এবং অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়ক।
৫. রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে:
ফাইবার খাবার থেকে গ্লুকোজ শোষণের গতি ধীর করতে পারে। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিয়া সিডের সরাসরি কার্যকারিতা নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
৬. অ্যান্টিঅক্সিডেন্টের উৎস:
চিয়া সিডে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।
কীভাবে খাবেন চিয়া সিড?
চিয়া সিড দই, স্মুদি, ওটস, ফল বা পুডিংয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। চাইলে স্যুপ, সালাদ কিংবা প্যানকেকেও যোগ করা যেতে পারে।
তবে চিয়া সিড খাওয়ার ক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি—শুকনো চিয়া সিড সরাসরি খাওয়া উচিত নয়। কারণ এটি দ্রুত পানি শোষণ করে ফুলে ওঠে, ফলে গলায় আটকে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তাই পানি বা অন্য কোনো তরলে ভিজিয়ে অথবা দইয়ের মতো আর্দ্র খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়াই নিরাপদ।



