৩০ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

গভীর রাতে ঘরের ওপর গাছ, প্রাণ গেল গৃহবধূর; অক্ষত ৮ মাসের শিশু

c1c8cea689f22329924a8dba7398ddf1

রংপুরে গভীর রাতে বসতঘরের ওপর বিশাল একটি গাছ ভেঙে পড়ে ঘুমন্ত অবস্থায় দীপা রানী (২৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সজীব গুরুতর আহত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে তাদের আট মাস বয়সী সন্তান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের হাজরাহাটি ভরকুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়দের ভাষ্য, ওই রাতে এলাকায় কোনো ঝড় বা বৃষ্টি ছিল না। হঠাৎ বিকট শব্দে আশপাশের মানুষের ঘুম ভেঙে যায়। বাইরে এসে তারা দেখতে পান, একটি বিশাল জোড়পাকড় গাছ ভেঙে টিনের ঘরের ওপর পড়ে আছে। গাছের নিচে চাপা পড়ে যায় ঘরটি।

সে সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন দীপা রানী, তার স্বামী সজীব এবং তাদের আট মাস বয়সী সন্তান।

স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে গাছ সরিয়ে দীপা রানীর মরদেহ উদ্ধার করা হয়। একই ধ্বংসস্তূপের ভেতর থেকে শিশুটিকেও জীবিত অবস্থায় বের করে আনা হয়। স্থানীয় ও পরিবারের সদস্যদের দাবি, শিশুটির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, ঘরের ওপর ভেঙে পড়া গাছটির বয়স প্রায় ২৫০ থেকে ৩০০ বছর।

Advertisements

প্রতিবেশী পল্লীচিকিৎসক প্রফুল্ল রায় জানান, বিকট শব্দ শুনে তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে গাছের নিচে দীপা রানীকে মৃত অবস্থায় দেখতে পান। তার স্বামী সজীবও গুরুতর আহত ছিলেন। পরে স্থানীয়দের সঙ্গে তিনিও উদ্ধারকাজে অংশ নেন।

খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে সরিয়ে উদ্ধার অভিযান চালান। আহত সজীবকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং চিকিৎসার সময় ১৩টি সেলাই দেওয়া হয়েছে।

হঠাৎ গাছটি ভেঙে পড়ায় শুধু একটি ঘর নয়, পাশাপাশি থাকা দুটি টিনের ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রীর পাশাপাশি একটি মোটরসাইকেলও ক্ষতির মুখে পড়েছে।

মমিনপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের তাৎক্ষণিক সহায়তার জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুকনো খাবার পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

Advertisements