অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দলের ১৬ সদস্যের স্কোয়াড

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া। তাদের বিপক্ষে এই সিরিজের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ নারী দল।

সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ব্রিসবেনে। আগামী ৯ অক্টোবর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এরপর ১১ অক্টোবর দ্বিতীয় এবং ১৪ অক্টোবর তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।
জিম্বাবুয়ে সফরের সর্বশেষ ওয়ানডে স্কোয়াডে থাকা জুয়াইরিয়া ফেরদৌস, সুমাইয়া আক্তার, ফাহিমা খাতুন ও ফারিহা তৃষ্ণা এবার দলে জায়গা পাননি। তাদের পরিবর্তে স্কোয়াডে যুক্ত হয়েছেন সানজিদা আক্তার মেঘলা, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।

নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ নারী দল সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। গত জুলাইয়ে অনুষ্ঠিত ওই সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।
অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত বাংলাদেশের ১৬ সদস্যের দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, ঋতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।



