ডেঙ্গু-হামে বাড়ছে উদ্বেগ, এক দিনে প্রাণ গেল ১১ জনের

দেশে ডেঙ্গু ও হামের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন। আর হাম ও এর উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এসব মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটে।

ডেঙ্গু পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে এক দিনে আক্রান্তের হিসাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এর আগের দিন রোববার ২ হাজার ১৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যা চলতি বছরের সর্বোচ্চ দৈনিক আক্রান্তের রেকর্ড।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, চলতি বছরে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৩৩ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭৩০ জনে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগের তিনজন। চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৮ দিনে এ রোগে প্রাণ হারিয়েছেন ১৩৬ জন।
সোমবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৭০ হাজার ২৫৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬৪ জন।
গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, আর মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।
হাম পরিস্থিতি
এদিকে হাম ও এর উপসর্গেও পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১০ জনের মধ্যে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ৯৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। অন্য ১ হাজার ২১৪ জনের ক্ষেত্রে হাম সন্দেহ করা হয়েছে।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৯ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ জনের এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৯৮ জন।

এর আগের দিন রোববার হাম ও এর উপসর্গ নিয়ে নয় শিশুর মৃত্যু হয়েছিল। সেদিন নতুন করে ১ হাজার ৩৪১ জন রোগী শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫৯ জন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২১ হাজার ৩০৮ জনের। মোট ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন।



