২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’

sa_129.1790602758

বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি বাবার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। তার দাবি, তার বাবা ভালো মানুষ এবং তাকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে। বাবার সঙ্গে যেন আর কোনো অন্যায় না হয় এবং তিনি সুস্থভাবে পরিবারের কাছে ফিরে আসেন—এই আশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।

গত শনিবার মধ্যরাতে চুরির অভিযোগে তুবার বাবা অনিক সরদারকে কয়েকজন স্থানীয় ব্যক্তি বেঁধে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে বেঁধে রেখে চা ও রুটি খাওয়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপকভাবে আলোচনায় আসে।

তুবা জানায়, ভোররাতে এক ব্যক্তি বাড়িতে এসে তার বাবাকে আটকে মারধর করা হচ্ছে বলে খবর দেন। পরে সে, তার মা ও ছোট বোন ঘটনাস্থলে ছুটে যায়।

তুবার ভাষ্য, সেখানে গিয়ে সে দেখতে পায় তার বাবাকে বেঁধে রেখে কয়েকজন মারধর করছেন। সে তাদের বাবাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। একপর্যায়ে বাবাকে ক্ষুধার্ত অবস্থায় দেখতে পেয়ে একজনের দেওয়া চা ও রুটি তাকে খাওয়ায়। পরে অনেক অনুরোধের পর তার বাবাকে ছেড়ে দেওয়া হয়।

বাবাকে বাড়িতে ফিরিয়ে আনতে পারায় এখন সে খুব খুশি বলেও জানায় তুবা। একই সঙ্গে বাবার জন্য একটি কাজের ব্যবস্থা হলে পরিবারের সবাই ভালোভাবে থাকতে পারবে বলে আশা প্রকাশ করে সে।

অনিক সরদারের অভিযোগ, জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে তাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে। তার দাবি, তার কাছ থেকে চুরি করা কোনো মালামাল উদ্ধার করা হয়নি এবং তার বিরুদ্ধে অভিযোগের পক্ষে কোনো প্রমাণও দেখানো হয়নি।

Advertisements

উপজেলা প্রশাসন জানিয়েছে, অনিক অসুস্থ থাকায় তার চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ হিসেবে সোমবার তাকে তিন মাসের জন্য একটি মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে। এ সময় তার পরিবারের ভরণপোষণসহ প্রয়োজনীয় সহযোগিতায় প্রশাসন পাশে থাকবে।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, অনিকের ঘটনাটি নিয়ে মানুষ বিভিন্ন বিষয় না ভেবে মূলত বাবার প্রতি মেয়ের ভালোবাসার বিষয়টিই দেখেছে।

Advertisements