২৭ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১২ আশ্বিন ১৪৩৩
খাবার-দাবার

নাস্তায় ভিন্ন স্বাদ, ঘরেই বানিয়ে ফেলুন অঙ্কুরিত ডালের ফালাফেল

images (1)

নাস্তায় একটু ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে ফালাফেল হতে পারে দারুণ একটি বিকল্প। আর ছোলা বা বিভিন্ন ডাল অঙ্কুরিত করে সেই উপকরণ দিয়ে তৈরি করলে খাবারটিতে যোগ হয় ভিন্ন স্বাদ ও পুষ্টিগুণ। বাইরে থেকে কিনতে হবে না, খুব সহজেই ঘরে তৈরি করা যায় মুচমুচে অঙ্কুরিত ডালের ফালাফেল।

অঙ্কুরিত ডাল বা বীজ তৈরি করা খুব কঠিন নয়। বিভিন্ন ডাল ও বীজ পানিতে ভিজিয়ে রাখলে সেগুলো থেকে ছোট অঙ্কুর বের হয়। মুগ, ছোলা, দেশি ছোলা ও মেথি বীজ অঙ্কুরিত করে ব্যবহার করা যায়। তবে ফালাফেলের জন্য ছোলা সবচেয়ে প্রচলিত উপকরণগুলোর একটি।

ঘরে অঙ্কুরিত ডাল তৈরি করবেন যেভাবে

প্রথমে পছন্দের ডাল বা বীজ ভালোভাবে ধুয়ে নিন। এরপর পর্যাপ্ত পানিতে প্রায় ৮ থেকে ১২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। পরদিন পানি ঝরিয়ে ডালগুলো পরিষ্কার একটি সুতি কাপড়ে রেখে আলগাভাবে মুড়ে দিন। চাইলে ঢাকনাযুক্ত পাত্রেও রাখা যায়।

সরাসরি রোদে না রেখে স্বাভাবিক উষ্ণ পরিবেশে রাখুন। সাধারণত এক থেকে দুই দিনের মধ্যে ছোট অঙ্কুর দেখা দিতে পারে। অঙ্কুর বের হলে ভালোভাবে ধুয়ে ফালাফেল তৈরিতে ব্যবহার করা যাবে।

যা লাগবে

  • অঙ্কুরিত ডাল বা ছোলা
  • ধনেপাতা
  • পার্সলে পাতা
  • রসুন
  • ব্রেড ক্রাম্বস
  • জিরা গুঁড়া
  • গোলমরিচ গুঁড়া
  • লাল মরিচ গুঁড়া
  • লবণ
  • সামান্য বেকিং সোডা
  • ভাজার জন্য তেল

তৈরির পদ্ধতি

প্রথমে অঙ্কুরিত ডাল বা ছোলা ভালোভাবে পানি ঝরিয়ে নিন। এরপর এতে ধনেপাতা, পার্সলে ও রসুন দিয়ে ব্লেন্ডারে দিন। সবকিছু একসঙ্গে ব্লেন্ড করে খানিকটা মিহি মিশ্রণ তৈরি করুন।

এরপর এতে লবণ, জিরা, গোলমরিচ ও লাল মরিচের গুঁড়া দিয়ে আবার অল্প সময়ের জন্য ব্লেন্ড করুন। মিশ্রণটি যেন একেবারে তরল না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

Advertisements

ব্লেন্ড করা মিশ্রণটি একটি বাটিতে নিয়ে এতে সামান্য বেকিং সোডা ও প্রয়োজনমতো ব্রেড ক্রাম্বস মেশান। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। ব্রেড ক্রাম্বস মিশ্রণের অতিরিক্ত আর্দ্রতা শুষে নিয়ে ফালাফেলকে আকৃতি দিতে সাহায্য করবে।

এবার হাতে সামান্য মিশ্রণ নিয়ে গোল বা চ্যাপ্টা করে ফালাফেলের আকার দিন। কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে এগুলো ভাজুন। দুই পাশ সোনালি ও মুচমুচে হয়ে এলে তেল থেকে তুলে নিন।

গরম ফালাফেল টমেটো সস, দইয়ের সস, চাটনি বা সালাদের সঙ্গে পরিবেশন করা যায়। চাইলে পাউরুটি বা রুটির সঙ্গে দিয়েও খেতে পারেন।

ছোট্ট টিপস: ফালাফেল ভাজার আগে একটি ছোট অংশ তেলে দিয়ে দেখে নিন মিশ্রণটি ঠিকভাবে বাঁধছে কি না। ভেঙে গেলে আরও কিছু ব্রেড ক্রাম্বস যোগ করা যেতে পারে।

Advertisements