২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
নারী

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত

আর্থিক সংকটের মুখে পড়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। আর্থিক স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটারদের রিটেইনার ফি (বেতন) ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া স্থগিত করা হয়েছে নারীদের ঘরোয়া টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লেজ ও আগামী বছরের উইমেনস সুপার-৫০।

সিডব্লিউআই-এর প্রধান নির্বাহী ক্রিস ডিয়ারিং এক বিবৃতিতে জানান, চরম আর্থিক সংকট কাটাতে বোর্ডকে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। এর অংশ হিসেবে জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ২৫ শতাংশ বেতন কমানোর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটারদের চুক্তি ১২ মাস থেকে কমিয়ে ৭ মাসে নামিয়ে আনা হয়েছে।

পরিচালন ব্যয়ের অতিরিক্ত চাপের কারণে নারীদের প্রধান ঘরোয়া প্রতিযোগিতা টি-টোয়েন্টি ব্লেজ এবং আগামী বছরের উইমেনস সুপার-৫০ প্রতিযোগিতা স্থগিত রাখা হচ্ছে। স্থগিত টুর্নামেন্টের বিকল্প হিসেবে নারীদের জন্য আগামী বছর একটি ‘বেস্ট ভার্সেস বেস্ট’ ডেভেলপমেন্ট টুর্নামেন্ট আয়োজন করা হবে।

স্থগিত টুর্নামেন্টগুলোর পরিবর্তে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাইপর্বকে সামনে রেখে পৃথক কোয়ালিফাইং টুর্নামেন্টের আয়োজন করা হবে। তবে এর খরচ সিডব্লিউআই বহন করবে না। ক্যারিবীয় অঞ্চলের স্ব-স্ব দেশের ক্রিকেট ও অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং স্থানীয় পৃষ্ঠপোষকদের এই ব্যয়ভার বহন করতে হবে।

সিডব্লিউআই প্রধান নির্বাহী জানান, ঘরোয়া দলগুলোর যাতায়াত, হোটেল এবং ম্যাচ ফির পুরো খরচ বোর্ডের একার পক্ষে বহন করা আর সম্ভব হচ্ছে না। গত ১৫ বছরে কেবল ঘরোয়া বিমান ভ্রমণের পেছনেই ৮০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যয় হয়েছে।

এই সংকটময় পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড় কল্যাণ সমিতি এবং ক্রিকেটাররা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বোর্ডের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে।

Advertisements
Advertisements