২৪ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ৯ আশ্বিন ১৪৩৩
শিক্ষা

দেশের উচ্চশিক্ষায় নতুন সংযোজন, বাংলাদেশে আসছে মোনাশ বিশ্ববিদ্যালয়

IMG_5256

অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একটি শাখা ক্যাম্পাস স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত তৃতীয় ঢাকা-চায়না ডে ২০২৬ উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাক্রেডিটেশনের জন্য একটি শক্তিশালী বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়ে সরকার কাজ করছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মোনাশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একটি ক্যাম্পাস স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছে এবং সরকার তা বাস্তবায়নে কাজ করবে।

তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আরও উন্নত পরিবেশ তৈরি করা হবে। দেশের উন্নয়ন ও জাতির সাফল্যের জন্য শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অবদানের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও অনুষদের সদস্যদের দক্ষতা ও মেধারও প্রশংসা করেন তিনি।

Advertisements

এ সময় তিনি জানান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উল্লেখযোগ্য বৃত্তি কার্যক্রম রয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রতি পাঁচজন শিক্ষার্থীর মধ্যে একজন বৃত্তি পাচ্ছেন বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

Advertisements