২৪ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ৯ আশ্বিন ১৪৩৩
বিনোদন

ঢাকায় পাকিস্তানি শিল্পীদের দুই কনসার্ট স্থগিত

IMG_5228

নিরাপত্তাজনিত কারণে ঢাকায় পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠেয় দুটি কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সব প্রস্তুতি সম্পন্ন হলেও নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় অনুষ্ঠান দুটির অনুমতি মেলেনি।

আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘রেডমি নোট ১৭’ নিবেদিত ‘ম্যাক্স রিপাবলিক’ শিরোনামের কনসার্টটি হওয়ার কথা ছিল। এতে পাকিস্তানের জনপ্রিয় তিন ব্যান্ড ‘ভয়েস অব জুনুন’, ‘জাল দ্য ব্যান্ড’ ও ‘রক্সেন’ (ফিচারিং) পারফর্ম করার কথা ছিল। একই মঞ্চে বাংলাদেশের ‘নেমেসিস’, ‘লেভেল ফাইভ’, ‘শিরোনামহীন’ ও ‘নগর বাউল’ (জেমস)-এরও সংগীত পরিবেশনের কথা ছিল।

আয়োজক সূত্রে জানা গেছে, কনসার্টটির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল এবং বিদেশি শিল্পীদের অগ্রিম পারিশ্রমিকও দেওয়া হয়েছিল। তবে শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করতে হয়েছে।

একই কারণে পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’-এর কনসার্টও স্থগিত করা হয়েছে। ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ শিরোনামের এ কনসার্টটি ২৬ সেপ্টেম্বর পূর্বাচলের ‘সি শেল পার্ক অ্যান্ড রিসোর্ট’-এ হওয়ার কথা ছিল। অনুষ্ঠানটির আয়োজক ছিল ‘প্রাইম ওয়েভ কমিউনিকেশন’।

‘ম্যাক্স রিপাবলিক’ কনসার্টের এক আয়োজক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সবকিছু ঠিকঠাক থাকলেও শেষ মুহূর্তে অনুমতি না পাওয়ায় কনসার্টটি স্থগিত করতে হচ্ছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisements

তবে স্থগিত হওয়া কনসার্টগুলো নতুন তারিখে আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন আয়োজকেরা।

Advertisements