২২ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৭ আশ্বিন ১৪৩৩
নারী

ফুটন্ত সাম্বারের পাত্রে পড়ে নারীর মৃত্যু

77311844-ef22-43f6-b53e-87aa99ff7774

ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় বিনায়ক চতুর্থী উপলক্ষে আয়োজিত ‘অন্নদান’ কর্মসূচিতে রান্নার সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৬ বছর বয়সী এক নারী। রান্না করা ফুটন্ত সাম্বারের বড় পাত্রে পড়ে গুরুতর দগ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারীর নাম সুজাতা। রোববার সকালে উৎসব উপলক্ষে আয়োজিত খাবার বিতরণ কর্মসূচির প্রস্তুতিতে তিনি রান্নার কাজে সহযোগিতা করছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, সাম্বার বহন করার সময় কোনোভাবে ভারসাম্য হারিয়ে ফুটন্ত সাম্বারে ভর্তি বড় পাত্রের মধ্যে পড়ে যান সুজাতা। এতে শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে দগ্ধ হয়।

ঘটনার পর উপস্থিত আয়োজকরা দ্রুত তাকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার দগ্ধ শরীরের চিকিৎসা চলছিল।

তবে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সোমবার সকালে হাসপাতালেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাটি তদন্তে নামে স্থানীয় পুলিশ। কীভাবে সুজাতা ভারসাম্য হারিয়ে ওই পাত্রে পড়ে গেলেন এবং রান্নার স্থানটিতে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisements

প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Advertisements