অপুর হাতে ‘গীতাঞ্জলি’, ছবির ক্যাপশনে ভবিষ্যৎ নিয়ে বিশেষ বার্তা

নিয়মিতই ফটোশুটে দেখা যায় ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে। তবে এবার ভিন্ন আবহে ধরা দিলেন তিনি। সাজপোশাকের পাশাপাশি ফটোশুটের স্থান ও হাতে থাকা বইও নজর কেড়েছে ভক্তদের।
রোববার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিতে চকচকে ধূসর-বাদামি রঙের স্টাইলিশ টু-পিস স্যুটে দেখা যায় তাকে। একটি লাইব্রেরিতে তোলা এসব ছবিতে অপুর হাতে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’। কখনো বইয়ের পাতায় চোখ রেখেছেন, আবার কখনো বইটি মুখ ও মাথার কাছে ধরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। পেছনে থরে থরে সাজানো ছিল নানা ধরনের বই।
ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনেও ছিল অনুপ্রেরণামূলক বার্তা। অপু লিখেছেন, ‘ভবিষ্যত অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যতটা নিজেই তৈরি করে নেওয়া।’
অভিনেত্রীর এমন ব্যতিক্রমী ফটোশুটে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্তরা। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ আবার অপুর সিনেমা দেখে বড় হওয়ার স্মৃতি তুলে ধরেছেন। এক অনুসারী মন্তব্য করেছেন, লাইব্রেরির এই আয়োজনে শাড়িতে ফটোশুট করলে আরও মানানসই লাগত।
এদিকে, অপু বিশ্বাস সম্প্রতি নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিং শেষ করেছেন। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির সিংহভাগ শুটিং হয়েছে নেপালে। এতে অপুর সঙ্গে অভিনয় করছেন মরতুজা পলাশ। তবে বর্তমানে পলাশ কারাগারে থাকায় সিনেমাটির বাকি কাজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার, পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।



