স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ২০২৬ শিক্ষাবর্ষে স্কুল ও কলেজের ছুটির তারিখে পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে রোববার (২০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রকাশিত ছুটির তালিকায় এ ছুটি ২৪ সেপ্টেম্বর রাখা হয়েছিল।
ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপনটি আংশিক সংশোধন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় এ বিষয়ে সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুসরণ করা হবে।
এদিকে ছুটির তারিখ এক দিন এগিয়ে আসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর সময়ও পরিবর্তন করা হয়েছে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকায় ক্লাস শুরুর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ সেপ্টেম্বর।
সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের এ পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে।



