১৯ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ৪ আশ্বিন ১৪৩৩
বিনোদন

ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, প্রতিবাদে আলী জাফর

cinemaexpress2026-09-16clg59p05K

সন্তান জন্মের পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা দিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি স্বামী ভিকি কৌশলের সঙ্গে মুকেশ আম্বানির বাড়িতে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে ক্যামেরার সামনে পোজও দেন এই অভিনেত্রী। অনুষ্ঠানের সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই ক্যাটরিনার চেহারা ও শারীরিক গঠন নিয়ে শুরু হয় নানা আলোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ব্যবহারকারী তার শরীর নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। কেউ কেউ তার চেহারার পরিবর্তন নিয়ে ভিডিও তৈরি করেন। এমনকি একজন মন্তব্য করেন, ‘ক্যাটরিনার সময় শেষ।’ আবার কেউ কেউ তার বর্তমান চেহারার সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের তুলনা টানেন। এসব মন্তব্য নিয়ে ক্যাটরিনার ভক্তদের একাংশও ক্ষোভ প্রকাশ করেছেন।

ক্যাটরিনার সমর্থনে কথা বলেছেন কয়েকজন তারকা। এবার সেই তালিকায় যুক্ত হলেন পাকিস্তানি অভিনেতা ও সংগীতশিল্পী আলী জাফর। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি নারীর শরীর নিয়ে এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে সরব হন।

আলী জাফর বলেন, কোনো নারীর শরীর বা চেহারা নিয়ে এভাবে মন্তব্য করা উচিত নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনাকে নিয়ে করা কিছু পোস্ট ও মন্তব্য দেখেছেন জানিয়ে তিনি প্রশ্ন তোলেন—কেন একজন নারী সমাজ বা পুরুষের নির্ধারিত সৌন্দর্যের মাপকাঠি অনুযায়ী না দেখালেই তাকে হেয় করা হবে?

তিনি বলেন, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে অনেক সময় নারীর সৌন্দর্যকে নির্দিষ্ট কিছু মানদণ্ডে বিচার করা হয়। সেই মানদণ্ড পূরণ না করলে একজন নারীকে নিয়ে নেতিবাচক মন্তব্য করার প্রবণতা দেখা যায়। আলীর মতে, এই মানসিকতার পরিবর্তন প্রয়োজন।

মানুষের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেতা বলেন, প্রত্যেক মানুষই কোনো না কোনো ব্যক্তিগত সমস্যার মধ্য দিয়ে যেতে পারেন। তাই কারও চেহারা বা শরীর নিয়ে মন্তব্য করার আগে তার পরিস্থিতি বিবেচনা করা উচিত। অন্যকে ছোট করা বা অপমান করা কোনোভাবেই স্বাস্থ্যকর মানসিকতার পরিচয় নয়।

Advertisements

শুধু নারীদের ক্ষেত্রেই নয়, পুরুষদের জন্য সমাজের তৈরি সৌন্দর্যের ধারণা নিয়েও প্রশ্ন তুলেছেন আলী। তার বক্তব্য, প্রত্যেক পুরুষের সুঠাম শরীর বা সিক্স-প্যাক অ্যাবস থাকবে—এমন প্রত্যাশাও বাস্তবসম্মত নয়। মানুষের চেহারা ও শারীরিক গঠন একেকজনের একেক রকম হওয়াটাই স্বাভাবিক।

আলী জাফর ও ক্যাটরিনা কাইফের পরিচয় অবশ্য বেশ পুরোনো। ২০১১ সালে আলী আব্বাস জাফর পরিচালিত ‘মেরে ব্রাদার কি দুলহান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। সিনেমাটিতে তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ইমরান খান। সেই সময় থেকেই দুজনের পরিচয়।

বর্তমানে মা হওয়ার পর অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন ক্যাটরিনা। তাকে সর্বশেষ বিজয় সেতুপতির বিপরীতে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা গেছে। ২০২৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ছিল তার সাম্প্রতিক কাজগুলোর একটি।

২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা। ২০২৫ সালের সেপ্টেম্বরে তারা সন্তান আসার খবর প্রকাশ্যে জানান। একই বছরের নভেম্বরে তাদের ছেলে ভিয়ানের জন্ম হয়। সন্তানের জন্মের পর দীর্ঘ বিরতি শেষে সম্প্রতি প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল এই অভিনেত্রীকে।

Advertisements