‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়েন মিথিলা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী রাফিয়াত রশিদ মিথিলা অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও পরিচিত। সম্প্রতি একটি পডকাস্টে নিজের ব্যক্তিজীবন ও শিক্ষাজীবন নিয়ে কথা বলতে গিয়ে উচ্চশিক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বেছে নেওয়ার মজার গল্প জানিয়েছেন তিনি।
মিথিলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তবে বিষয়টি বেছে নেওয়ার পেছনে নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না বলে জানান তিনি। বরং ছোটবেলায় মায়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে যাতায়াতের স্মৃতিই পরবর্তীতে সেখানে পড়ার প্রতি তার এক ধরনের টান তৈরি করেছিল।
বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পাস করা মিথিলা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পারিবারিক আর্থিক বিষয় বিবেচনায় সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। তার ভাষ্য, কলাভবনে পড়ার ইচ্ছা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার লক্ষ্য ঠিক করেছিলেন।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বিভিন্ন বিভাগের নাম শুনেও শুরুতে কোন বিষয় বেছে নেবেন, তা বুঝতে পারছিলেন না মিথিলা। পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ইকোনমিক্সসহ বিভিন্ন বিভাগের কথা তাকে বলা হলেও সেগুলোর বিষয়ে তেমন ধারণা ছিল না তার।
এর পেছনে আরেকটি কারণ ছিল পারিবারিক পরিবেশ। মিথিলা জানান, তার পরিবারের মধ্যে তিনিই ছিলেন প্রথম প্রজন্মের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ফলে বিশ্ববিদ্যালয়ে কোন বিষয় পড়া ভালো হবে, সে বিষয়ে পরামর্শ দেওয়ার মতো অভিজ্ঞ কেউ ছিলেন না।
শেষ পর্যন্ত ভর্তি সাক্ষাৎকারের সময় তাকে রাষ্ট্রবিজ্ঞান নেওয়ার পরামর্শ দেওয়া হয়। বিষয়টির নামের মধ্যে ‘বিজ্ঞান’ শব্দটি থাকায় সেটি সহজেই বেছে নেন তিনি।
মিথিলা বলেন, বিজ্ঞান বিভাগে পড়ার কারণে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রির মতো বিষয়েই তার অভ্যাস ছিল। তাই সাক্ষাৎকারে যখন তাকে রাষ্ট্রবিজ্ঞান নিতে বলা হয়, তখন তিনি বিষয়টি খুব একটা না বুঝেই রাজি হয়ে যান। তার কথায়, ‘এর মধ্যে তো বিজ্ঞান আছে’—এই ধারণা থেকেই মূলত রাষ্ট্রবিজ্ঞান বেছে নিয়েছিলেন তিনি।



