ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব না: মেঘনা আলম

পোশাক, ব্যক্তিগত জীবন ও সামাজিক অবস্থান নিয়ে বিভিন্ন সময় আলোচনায় থাকেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। এবার নিজের পোশাকের পছন্দ, পর্দা করা এবং গণমাধ্যমে পুরোনো ছবি প্রকাশের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মেঘনা আলম বলেন, প্রায় দুই বছর ধরে তিনি মাথায় কাপড় দিয়ে থাকেন। তবে গণমাধ্যমে তার বর্তমান সময়ের পরিবর্তে পুরোনো ছবি প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মেঘনা আলম লেখেন, ‘আমি মাথায় কাপড় দিয়ে থাকি প্রায় দুই বছর। এদিকে মিডিয়া সব নিউজ করে আমার আগের ক্লিভেজ শো করা। একজন নারীর চয়েস, কমফোর্ট, মডেস্টি—সব কিছুর চেয়ে ভিউ বেশি গুরুত্বপূর্ণ।’
নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও বর্তমান সামাজিক ও গণমাধ্যমের বাস্তবতায় পর্দা করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। তার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। কেউ তার ব্যক্তিগত পছন্দের প্রতি সমর্থন জানিয়েছেন, আবার কেউ ভিন্নমতও প্রকাশ করেছেন।
এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন মেঘনা আলম। সেখানে তিনি দাবি করেন, এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে জড়াননি তিনি। ধর্মীয় পোশাক বা লেবাস অনুসরণ না করার কারণে তাকে নানা অপবাদ দেওয়া হয় বলেও অভিযোগ করেন।
মেঘনা আলমের ভাষ্য, শুধু পোশাক বা ধর্মীয় অনুশাসন অনুসরণ না করার কারণে একজন নারীকে নিয়ে নানা ধরনের অপবাদ ছড়ানো হয়। তার মতে, একজন নারীর ব্যক্তিগত পছন্দ, জীবনযাপন ও সিদ্ধান্তকে সম্মান করা প্রয়োজন।
এ সময় সমাজের দ্বিমুখী মানসিকতারও সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, নৈতিকতা ও ধর্মের মুখোশে থাকা কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ বা ভাইরাল অডিও ছড়িয়ে পড়লেও তাদের নির্দোষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। অন্যদিকে নারীদের পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে সহজেই নানা মন্তব্য করা হয়।
পুরোনো ছবি প্রকাশ করে বর্তমান জীবনযাপনকে ভিন্নভাবে উপস্থাপনের অভিযোগ তুলে গণমাধ্যমের সংবাদ পরিবেশনের ধরন নিয়েও প্রশ্ন তোলেন মেঘনা আলম। তার এসব বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শুরু হয়েছে আলোচনা।



