৯ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ২৫ ভাদ্র ১৪৩৩
বিবিধ

মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ

QyJolG3j-2-3

রাজধানীর যানজট এড়িয়ে দ্রুত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর অন্যতম ভরসা এখন মেট্রোরেল। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এই গণপরিবহন ব্যবহার করলেও চলন্ত ট্রেন কিংবা স্টেশনে মোবাইল নেটওয়ার্কের দুর্বলতা অনেক সময় যাত্রীদের জন্য তৈরি করছে বিড়ম্বনা। জরুরি প্রয়োজনে ফোন করা যাচ্ছে না, কথা বলার মাঝপথে কল কেটে যাচ্ছে—এমন অভিযোগও রয়েছে যাত্রীদের।

এই পরিস্থিতিতে মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা নিশ্চিত করার দাবিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জনস্বার্থে এই আইনি ডিমান্ড নোটিশ পাঠান বিইউবিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিইউএলএ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. রাশিদুল ইসলাম (রাশেদ)। নোটিশটি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। নোটিশে মেট্রোরেলের চলমান ট্রেন ও স্টেশনগুলোতে মোবাইল যোগাযোগব্যবস্থা আরও কার্যকর করতে প্রয়োজনীয় অবকাঠামো তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের প্রধান তিন মোবাইল অপারেটর—গ্রামীণফোন, বাংলালিংক এবং রবি আজিয়াটা (এয়ারটেল)—কে মেট্রোরেল এলাকায় মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের অনুমতি এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা দেওয়ার দাবি জানানো হয়েছে।

আইনি নোটিশে বলা হয়েছে, সাম্প্রতিক তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। ফলে এই বিপুলসংখ্যক মানুষের যোগাযোগের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে মেট্রোরেল এলাকায় নিরবচ্ছিন্ন মোবাইল সেবা নিশ্চিত করা জরুরি।

বিশেষ করে চলন্ত ট্রেনের ভেতরে নেটওয়ার্ক না থাকা কিংবা দুর্বল থাকার কারণে অনেক যাত্রী জরুরি ফোনকল করতে পারেন না। অনেক ক্ষেত্রে কল সংযোগ স্থাপিত হলেও কিছুক্ষণ পর তা বিচ্ছিন্ন হয়ে যায়। কর্মস্থল, পরিবার কিংবা জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য মেট্রোরেলের ওপর নির্ভরশীল যাত্রীদের কাছে এ সমস্যা তাই কেবল বিরক্তির বিষয় নয়, কখনো কখনো তা গুরুত্বপূর্ণ যোগাযোগের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে।

রাজধানীর ব্যস্ত সময়ে মেট্রোরেল যখন প্রতিদিন হাজারো মানুষের সময় বাঁচাচ্ছে, তখন এর ভেতরে মোবাইল যোগাযোগব্যবস্থার এই সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে। আধুনিক ও দ্রুতগতির এই গণপরিবহনের সঙ্গে আধুনিক যোগাযোগসেবাও সমানতালে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মনে করছেন নোটিশদাতা।

আইনি নোটিশে ডিএমটিসিএলকে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এ বিষয়ে লিখিতভাবে নোটিশদাতাকে অবহিত করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। মেট্রোরেলের পরিধি ও যাত্রীসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এর সেবা ব্যবস্থার মানও আরও উন্নত করার দাবি জোরালো হচ্ছে। সেই ধারাবাহিকতায় নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা নিশ্চিতের এই উদ্যোগ শেষ পর্যন্ত যাত্রীদের দৈনন্দিন যোগাযোগের ভোগান্তি কতটা কমাতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

Advertisements