বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: তারেক রহমান

দেশের চলমান সংকটকে কাজে লাগিয়ে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, স্বৈরাচারী আমল ও পরবর্তী সময়ে পাওয়া বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। দেশে সমস্যা নেই—এমন দাবি সরকার কখনো করেনি। তবে বিদ্যমান সমস্যাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এর মাধ্যমে অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণ সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই গণতান্ত্রিক ধারা ও নীতি-নৈতিকতা সমুন্নত রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। কেউ অরাজকতা সৃষ্টির উদ্যোগ নিলে তা নিয়ন্ত্রণের বিষয়ে দেশের আইনে সুস্পষ্ট বিধান রয়েছে। নির্বাচিত সরকার হিসেবে সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থাকার আহ্বান জানান তিনি।
দেশের বিভিন্ন সংকট মোকাবিলায় বিএনপির ভূমিকার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, অতীতের প্রতিটি সংকটকালেই দলটি নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলায় কাজ করেছে। বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে থাকায় বিদ্যুৎ ও জ্বালানি সংকটে থাকা শিল্পকারখানার মালিকসহ সাধারণ মানুষের কাছে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।
ভবিষ্যতে জ্বালানি সংকট যেন জনগণকে ভোগাতে না পারে, সে লক্ষ্যে বিএনপি কর্মপরিকল্পনা তৈরি করছে বলেও জানান তিনি।
বিএনপিকে জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষাকারী রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, এমন একটি মানবিক রাষ্ট্র গড়ে তোলাই তাদের লক্ষ্য, যেখানে দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত থাকবে।
বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, দেশের স্বাধীনতা ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রেমিট্যান্স ও তৈরি পোশাক খাতের বিকাশ এবং নারীদের অবৈতনিক শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই আলোচনা সভায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের পর বিএনপির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হওয়া পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি শনিবারের এই আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।



