৫ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২১ ভাদ্র ১৪৩৩
বিবিধ

তারকাদের বদলে চীনের বিলবোর্ডে এখন বিজ্ঞানীরা

9a4d1b3b-b6e1-41eb-aa40-b042d704269d

চীনের বিভিন্ন শহরের ব্যস্ত সড়ক, মেট্রো স্টেশন ও জনসমাগমস্থলে সম্প্রতি দেখা যাচ্ছে ভিন্নধর্মী এক প্রচারণা। সাধারণত যেখানে তারকা কিংবা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখা যায়, সেখানেই এবার স্থান পেয়েছেন দেশটির খ্যাতনামা বিজ্ঞানীরা।

হেনান প্রদেশের ঝেংঝৌ শহরের একটি মেট্রো স্টেশনে মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম পথিকৃৎ ছিয়েন শুয়েসেন এবং পরমাণু বিজ্ঞানী দেং চিয়াশিয়েনের বড় আকারের পোস্টার প্রদর্শন করা হয়েছে। একইভাবে বিভিন্ন শহরের জনপরিসরে দেখা মিলছে সংকর ধান প্রযুক্তির অগ্রদূত ইউয়ান লংপিং এবং আর্টেমিসিনিন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারজয়ী বিজ্ঞানী তু ইউইউয়ের ছবিও।

জানা গেছে, বিজ্ঞানীদের নিয়ে এ ধরনের ব্যতিক্রমী প্রচারণার সূচনা হয়েছিল শানডং প্রদেশে। পরে উদ্যোগটি হেনান, আনহুই, ইনার মঙ্গোলিয়া, জিয়াংসি ও অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশের বিজ্ঞানীদের গবেষণা ও অবদানের কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরা। একই সঙ্গে তরুণ প্রজন্মের কাছে বিজ্ঞানীদের পরিচিত করে তাদের অনুপ্রেরণার উৎস ও জাতীয় রোল মডেল হিসেবে উপস্থাপন করাও এ প্রচারণার অন্যতম লক্ষ্য।

চীনে বিজ্ঞানী ও তাদের অবদানকে সম্মান জানানোর সংস্কৃতি অবশ্য নতুন নয়। তবে সাধারণত তারকা ও পণ্যের বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত ব্যয়বহুল বিলবোর্ড ও ডিজিটাল স্ক্রিনে বিজ্ঞানীদের ছবি তুলে ধরার বিষয়টি বেশ আলাদা মাত্রা পেয়েছে।

বিজ্ঞানীদের এভাবে জনপরিসরে তুলে ধরার উদ্যোগ এরই মধ্যে আন্তর্জাতিক সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার সৃষ্টি করেছে। অনেকের মতে, তরুণদের সামনে সফলতার উদাহরণ হিসেবে বিজ্ঞানী ও গবেষকদের তুলে ধরা বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।