বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
শিক্ষা

ঢাবির ছাত্রী হলের গেট বন্ধের সময় বাড়ল, প্রবেশ করা যাবে রাত ১১টা পর্যন্ত

Rokeya_Hall_Dhaka_University-2609010659

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাত ১১টা পর্যন্ত ছাত্রীদের হলে প্রবেশের সুযোগ থাকবে। এতদিন রাত ১০টায় ছাত্রী হলগুলোর গেট বন্ধ হয়ে যেত।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।

এর আগে গত ১৭ আগস্ট ছাত্রীদের হলে প্রবেশের সময় রাত ১০টা থেকে বাড়িয়ে ১১টা করার সুপারিশ করেছিল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। পরে সিন্ডিকেটের সভায় সেই সুপারিশ অনুমোদন দেওয়া হয়।

তবে এক ঘণ্টা সময় বাড়ানোর এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন ‘বৈষম্যহীন নারী হল চাই’, ‘নারী হল সংস্কার আন্দোলন’ ও ‘অবরোধবাসিনী’ প্ল্যাটফর্মের আন্দোলনকারীরা। সিন্ডিকেটের সভা চলাকালেও নিজেদের দাবির পক্ষে কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনকারীদের দাবি, শুধু এক ঘণ্টা সময় বাড়িয়ে ‘সান্ধ্য আইন’-এর মূল সমস্যার সমাধান হবে না। রাত ১১টার পর হলে প্রবেশের ক্ষেত্রে অনুমতি ও লেট গেটের মতো আমলাতান্ত্রিক প্রক্রিয়া বহাল থাকলে জরুরি চিকিৎসা, রাতে যাতায়াত, টিউশনি, চাকরি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছাত্রীদের ভোগান্তি থেকেই যাবে।

এর আগে ৩০ আগস্ট তিনটি প্ল্যাটফর্ম সম্মিলিতভাবে তিন দফা দাবি জানায়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ছাত্রীদের সার্বক্ষণিক যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করা, নির্ধারিত সময়ের পর হলে প্রবেশের ক্ষেত্রে আমলাতান্ত্রিক হয়রানি বন্ধ করা, বৈধ পরিচয়পত্রের ভিত্তিতে যেকোনো ছাত্রীকে হলে প্রবেশের সুযোগ দেওয়া এবং নারী স্বজনদের পরিচয়পত্র যাচাই করে হলে প্রবেশের অনুমতি দেওয়া।

ঢাবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘বর্তমান বাস্তবতায় ছাত্রীদের দাবির সঙ্গে প্রশাসন নীতিগতভাবে একমত। তবে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ও বাস্তবতার কারণে কিছু সীমাবদ্ধতা রয়েছে। জরুরি চিকিৎসা ও অভিভাবকদের হলে প্রবেশের মতো বিষয়ে জটিলতা এড়াতে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়গুলো সমাধানে একটি কমিটি কাজ করছে। পাশাপাশি আইসিটি সেলের নির্দেশনায় পাঞ্চ কার্ড ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’

সিন্ডিকেটের নতুন সিদ্ধান্তের ফলে ছাত্রীদের হলে ফেরার জন্য অতিরিক্ত এক ঘণ্টা সময় বাড়ল। তবে আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, সার্বক্ষণিক যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে বর্তমান নিয়মে আরও পরিবর্তন প্রয়োজন।

Advertisements