বিয়ের গুজবে মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রভা

হঠাৎ ছড়িয়ে পড়া নিজের বিয়ের খবরকে ‘গুজব ও ভিত্তিহীন’ বলে জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় তার গোপনে ‘চুক্তিভিত্তিক বিয়ে’র খবর ছড়িয়ে পড়ায় মানসিকভাবে অস্বস্তিতে পড়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার রাতে প্রভা বলেন, তিনি বিয়ে করেননি এবং চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে কখনো জড়াননি। তাকে নিয়ে ছড়িয়ে পড়া সব তথ্যই ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

প্রভা জানান, তার বিয়ের খবর প্রকাশ করা হলেও এ বিষয়ে তার সঙ্গে কেউ যোগাযোগ করেননি। তার ভাষ্য, অনেকেই নিজেদের মতো করে নানা তথ্য প্রকাশ করছেন। এ ধরনের ব্যক্তিগত ও সংবেদনশীল বিষয়ে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
অভিনেত্রী বলেন, সাংবাদিকদের লেখার শক্তি অনেক বেশি। একই কলমে একজনকে ভয়ংকর মানুষ কিংবা চমৎকার মানুষ হিসেবে তুলে ধরা সম্ভব। তাই এই শক্তির সঙ্গে দায়িত্বও রয়েছে। কারও ব্যক্তিগত জীবন নিয়ে কোনো অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে তথ্য যাচাই করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
‘চুক্তিভিত্তিক বিয়ে’র খবর ছড়িয়ে পড়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন জানিয়ে প্রভা বলেন, অনেকেই বিষয়টি ভুলভাবে জানছেন। তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা অন্য কোনো বিষয়ে সঠিক তথ্য জানতে ভক্তদের তার ফেসবুক পেজের তথ্য অনুসরণ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভিত্তিহীন গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার অনুরোধ করেন।
২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সাদিয়া জাহান প্রভা। পরে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। সর্বশেষ একটি সিনেমার শুটিং করেছেন এই অভিনেত্রী। সিনেমাটির কিছু কাজ এখনো বাকি রয়েছে। শিগগিরই আবার শুটিংয়ে ফিরতে পারেন বলে জানিয়েছেন প্রভা।



