বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
নারী

আদিবাসী নারীরা দ্বিগুণ বৈষম্য ও সহিংসতার শিকার: মহিলা পরিষদ

mohila-20260809183728

আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও বিভিন্ন সংকটের বিষয়ে রাষ্ট্রের অনীহা সব শাসনামলেই দেখা গেছে বলে মন্তব্য করেছেন বক্তারা। তাদের মতে, বাইরে থেকে আদিবাসী জীবনযাত্রার বর্ণিল যে চিত্র দেখা যায়, তার আড়ালে রয়েছে বিশেষ করে নারীদের দীর্ঘদিনের সংগ্রাম, বৈষম্য ও নির্যাতনের বাস্তবতা। ভূমি দখলসহ নানা কারণে আদিবাসী নারীদেরও বিভিন্নভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের সঙ্গে বাংলাদেশ মহিলা পরিষদ ও বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক যৌথভাবে এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। তিনি বলেন, বর্তমান সময়ে নানা ধরনের পরিবর্তন ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে আদিবাসী আন্দোলনকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, আদিবাসী নারীরা সমাজের অত্যন্ত প্রান্তিক অবস্থানে রয়েছেন। নারী হিসেবে এক ধরনের বৈষম্যের পাশাপাশি আদিবাসী পরিচয়ের কারণেও তাদের বৈষম্য ও নির্যাতনের মুখোমুখি হতে হয়। ফলে তাঁরা একই সঙ্গে দ্বিগুণ বৈষম্য, সহিংসতা ও নিপীড়নের শিকার হচ্ছেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এএলএআরডির উপনির্বাহী পরিচালক রওশন জাহান মনি। তিনি বলেন, জাতিগতভাবে সমাজে পারস্পরিক আস্থার সংকট রয়েছে। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে হলে তাদের অধিকার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়ানো প্রয়োজন।

দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার নিয়ে কাজ করার ক্ষেত্রেও এখনো অনেকের মধ্যে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি ও পক্ষপাত রয়েছে। তিনি বলেন, জাতিসংঘ আদিবাসী দিবস ঘোষণা করলেও আদিবাসী জনগোষ্ঠীকে এখনো প্রান্তিক জনগোষ্ঠী হিসেবেই বিবেচনা করা হয়।

তিনি আরও বলেন, বিভিন্ন শাসনামলেই আদিবাসী ইস্যুতে রাষ্ট্রের অনীহার বিষয়টি দেখা গেছে। তাই শুধু দিবস পালন নয়, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার জন্য বাস্তবভিত্তিক উদ্যোগ প্রয়োজন।

Advertisements
আদিবাসীনারীবৈষম্যসহিংসতা