‘আমি ডাইনি—মনে রেখো’ স্ক্রিনশট প্রকাশ করে বাঁধনের হুঁশিয়ারি

অভিনেত্রী আজমেরী হক বাঁধন সম্প্রতি অনলাইনে হয়রানি ও ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশের অভিযোগ তুলেছেন। পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে বর্তমানে অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁধনকে উদ্দেশ্য করে কুরুচিকর পোস্ট দেওয়ার পাশাপাশি তার ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশ্যে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অভিনেত্রীর দাবি, ‘মারুফ খান মুন্না’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাকে উদ্দেশ্য করে এসব করা হয়েছে।
এরপর ওই ঘটনার কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে এর জবাব দেন বাঁধন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেওয়া এক পোস্টে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যদি দাবি করে যে তারা সরকারে থাকলে নারীরা নিরাপদ থাকবে, অথচ একই সময়ে তাদের সমর্থকদের কেউ অনলাইনে নারীদের ওপর হামলা, হয়রানি কিংবা ব্যক্তিগত তথ্য প্রকাশের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তাহলে এর চেয়ে বড় পরিহাস আর কী হতে পারে।

বাঁধন আরও বলেন, কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তার ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া শুধু হয়রানির ঘটনা নয়, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। তাকে ভয় দেখানো, আতঙ্কিত করা কিংবা চুপ করিয়ে দেওয়ার চেষ্টা শেষ পর্যন্ত যারা করছেন, তাদের জন্যও এর পরিণতি হতে পারে বলে সতর্ক করেন তিনি।
নিজেকে সহজে ভয় দেখিয়ে বা আতঙ্কিত করা সম্ভব নয় জানিয়ে অভিনেত্রী বলেন, তাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হলে আরও অনেক দূর যেতে হবে। একই সঙ্গে নিজের জীবনের কঠিন সময়গুলোর কথাও তুলে ধরেন তিনি।

বাঁধন বলেন, জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে, যখন তার মনে হয়েছে হয়তো সবকিছু এখানেই শেষ হয়ে যাবে। তবে সেই কঠিন সময় পার করে তিনি নিজেকে সামলে নিয়েছেন। নিজের মানসিক সুস্থতা ধরে রাখতে তিনি থেরাপি নিয়েছেন এবং এখনো নিচ্ছেন বলেও জানান।

নিজের অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বাঁধন আরও বলেন, তিনি প্রায় ‘হাসিনা’ হয়ে গিয়েছিলেন। তবে থেরাপি ও প্রয়োজনীয় ওষুধ নেওয়ার মাধ্যমে নিজেকে একজন মানুষ হিসেবে ধরে রাখার চেষ্টা করেছেন, যাতে ক্ষমতা কিংবা প্রতিহিংসা তাকে ‘দানবে’ পরিণত না করে।
সবশেষে হুমকি বা ভয় দেখিয়ে তাকে খুব একটা লাভ হবে না উল্লেখ করে বাঁধন বলেন, ‘আর হ্যাঁ, আমি ডাইনি। মনে রেখো।’
এভাবেই নিজের বিরুদ্ধে ওঠা হয়রানি ও কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।



