৫ অক্টোবর, ২০২৬ | সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩
বিনোদন

প্রতারণার মামলায় আদালতে তানজিন তিশা, পেলেন জামিন

1-68b8554511c65

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন নাহার তিশা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইনজীবীর মাধ্যমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১২ জুলাই একই আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। আসামিপক্ষের আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাটি ২০২৫ সালের ৫ নভেম্বর অ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম করেন। বাদীর অভিযোগ, অ্যাপোনিয়ার অনলাইন পেজে যুক্ত হয়ে তানজিন তিশা একটি শাড়ি পছন্দ করেন, যার বাজারমূল্য ২৮ হাজার ৮০০ টাকা। পরে শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, শাড়িটি গ্রহণের পর তিশা সেটি পরে অ্যাপোনিয়ার পেজের প্রচারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন। এ বিষয়ে তাকে বিভিন্ন সময় অনুরোধও করা হয়। কিন্তু অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় পার হলেও তিনি শাড়িটি পরে প্রচারণায় অংশ নেননি এবং একপর্যায়ে পেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেন।

এ ঘটনায় তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। পরে আদালতের নির্দেশে ডিবি পুলিশ মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদন আমলে নিয়ে আদালত তিশাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তিনি।

Advertisements
Advertisements