বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১২ আগস্ট, ২০২৬
বিনোদন

সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন নিয়ে ৩০ বছর পর যা বললেন নীলা চৌধুরী

salman-shah-shabnur-6904e6dc1a2bf

ঢালিউডের প্রয়াত জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনা তিন দশক পরও নানা আলোচনা ও বিতর্কের জন্ম দিয়ে চলেছে। তার মৃত্যুর সঙ্গে বিভিন্ন সময়ে অভিনেত্রী শাবনূরের নামও আলোচনায় এসেছে। শুধু সালমান শাহর মৃত্যুই নয়, মৃত্যুর পর থেকেই এই দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা ধরনের কথা ছড়িয়েছে।

একসময় সালমান শাহ ও শাবনূরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে শাবনূর বরাবরই এ ধরনের দাবি অস্বীকার করে এসেছেন। তার বক্তব্য ছিল, সালমান শাহর সঙ্গে তার সম্পর্ক ছিল ভাই-বোনের মতো।

এবার প্রায় ৩০ বছর পর সেই সম্পর্ক নিয়ে কথা বলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরীও। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে ছেলের সঙ্গে শাবনূরের সম্পর্কের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

নীলা চৌধুরীর দাবি, সালমান শাহর সঙ্গে শাবনূরের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। বরং তার ছেলে শাবনূরকে নিজের বোনের মতোই দেখতেন এবং তাকে স্নেহ করতেন।

Advertisements

সালমান শাহর মা বলেন, তার ছেলের সঙ্গে শাবনূরের কখনোই প্রেমের সম্পর্ক ছিল না। শাবনূর সালমানের ওপর নির্ভরশীল ছিলেন এবং সালমান তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করতেন।

নীলা চৌধুরীর ভাষ্য, ‘সালমানের হত্যাকাণ্ড সম্পর্কে শাবনূর সবকিছু জানতো। তবে শাবনূরের সঙ্গে আমার ছেলের কোনো প্রেম ছিল না। শাবনূর আমার ছেলের ওপর নির্ভরশীল ছিল। শাবনূরকে চেষ্টা করতো সাহায্য করতে। তার কোনো বোন ছিল না, সে বোনের মতোই দেখতো তাকে। স্নেহ করতো।’

সালমান শাহর মায়ের এই বক্তব্যের পর শাবনূরের ভক্তদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের অনেকেই নীলা চৌধুরীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন। দীর্ঘদিন ধরে শাবনূর ও সালমান শাহকে ঘিরে যে প্রেমের গুঞ্জন প্রচলিত ছিল, সেটি সত্য নয় বলেও তারা দাবি করছেন।

যেভাবে জনপ্রিয় হয়েছিল সালমান-শাবনূর জুটি

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে সালমান শাহর। তার প্রথম সিনেমায় নায়িকা ছিলেন মৌসুমী। এরপর ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। এই সিনেমার পর থেকেই বাংলা চলচ্চিত্রে তুমুল জনপ্রিয়তা পেতে শুরু করে সালমান শাহ-শাবনূর জুটি।

সালমান শাহর অভিনয়জীবন ছিল খুবই সংক্ষিপ্ত। মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি মোট ২৭টি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর।

‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে সালমান-শাবনূর জুটির পথচলা শুরু হয়। এরপর একে একে তারা অভিনয় করেন ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’সহ মোট ১৪টি সিনেমায়।

তাদের জুটির অধিকাংশ সিনেমাই দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ব্যবসায়িকভাবেও সফল হয়। ফলে অল্প সময়ের মধ্যেই সালমান শাহ ও শাবনূর বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে প্রতিষ্ঠিত হন।

সালমান শাহর মৃত্যুর পর তার ব্যক্তিজীবন, শাবনূরের সঙ্গে সম্পর্ক এবং মৃত্যুর কারণ নিয়ে নানা আলোচনা ও বিতর্ক তৈরি হয়। তিন দশক পর তার মা নীলা চৌধুরীর সাম্প্রতিক বক্তব্যে শাবনূরের সঙ্গে সালমানের সম্পর্কের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

Advertisements
নীলা চৌধুরীপ্রেমশাবনূরসালমান