ছেলের জন্মদিনে পরীমনির আবেগঘন বার্তা, বললেন ‘আজ আমারও জন্মদিন’

চার বছর পূর্ণ করল ঢাকাই চিত্রনায়িকা পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। ছেলের বিশেষ দিনে ঘরোয়া আয়োজনে জন্মদিন উদযাপন করেছেন অভিনেত্রী। পাশাপাশি সামাজিক মাধ্যমে মাতৃত্ব নিয়ে আবেগঘন একটি বার্তাও দিয়েছেন তিনি।
২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় পরীমনির ছেলে পূণ্য। প্রতিবছরই ছেলের জন্মদিন বিশেষভাবে উদযাপন করেন অভিনেত্রী। এবারও জন্মদিনের প্রথম প্রহরে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে দিনটি শুরু করেন তিনি।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে পরীমনি জানান, রাতে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানালে পূণ্যও উল্টো তাকে শুভেচ্ছা জানায়। ছেলে বলে ওঠে, ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু।’
ছেলের এমন কথায় আবেগাপ্লুত হয়ে পরীমনি নিজের মাতৃত্বের অনুভূতি প্রকাশ করেন। তিনি জানান, পূণ্যর কারণেই তার জীবনে নতুন ও সুন্দর একটি অধ্যায়ের সূচনা হয়েছে। তাই ছেলের জন্মদিনকে নিজেরও একটি বিশেষ জন্মদিন হিসেবে দেখেন তিনি।
পরীমনি লেখেন, ‘আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।’
এদিকে জন্মদিনের আয়োজনের একটি ভিডিওও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, ঘরের টেবিলজুড়ে রাখা হয়েছে কয়েকটি কেক। চারপাশ সাজানো হয়েছে রঙিন বেলুনে। এর পাশেই বিছানায় ঘুমিয়ে থাকতে দেখা যায় পূণ্যকে।
ভিডিওটির ক্যাপশনে পরীমনি মজা করে লেখেন, ‘আমার বাজান বড় হয়ে দেখবে এসব পাগলামি করি আমরা।’
ছেলের জন্মের পর থেকেই প্রতিবছর নানা আয়োজনের মধ্য দিয়ে পূণ্যর জন্মদিন উদযাপন করে আসছেন পরীমনি। তবে এবার বড় কোনো আয়োজনের বদলে ঘরোয়া পরিবেশেই ছেলের বিশেষ দিনটি উদযাপন করেছেন এই অভিনেত্রী।



