২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
নারী

বিশ্বকাপে প্রথমবার মালাউই, ইতিহাস গড়ল ‘দ্য স্কর্চার্স’

86dd84087916d14746b6d1ef116b4782-6a797fd0a4c68

নারী আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) এবারের আসরে ইতিহাস গড়েছে মালাউই। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ঘানাকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে ‘দ্য স্কর্চার্স’। এই জয়ের সঙ্গে আরও বড় অর্জন এসেছে- ইতিহাসে প্রথমবারের মতো নারী ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে মালাউই।

ব্রাজিলে অনুষ্ঠিতব্য ৩২ দলের নারী বিশ্বকাপে আফ্রিকা থেকে সরাসরি চারটি দল অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। কোয়ার্টার ফাইনালের চার বিজয়ী দলই সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। সেই তালিকায় মালাউইয়ের সঙ্গে রয়েছে আলজেরিয়া, ক্যামেরুন ও স্বাগতিক মরক্কো।

ঘানার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে মালাউই শুধু আফকনের শেষ চারে জায়গা করে নেয়নি, নিজেদের ফুটবল ইতিহাসেও নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাওয়ায় দেশটির নারী ফুটবলে এটি নিঃসন্দেহে অন্যতম বড় সাফল্য।

আগামী বুধবার (১২ আগস্ট) সেমিফাইনালে আলজেরিয়ার মুখোমুখি হবে মালাউই। একই দিনে অপর সেমিফাইনালে স্বাগতিক মরক্কোর প্রতিপক্ষ ক্যামেরুন। কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ক্যামেরুন।

নাইজেরিয়ার বিদায় এবারের আসরকে আরও চমকপ্রদ করে তুলেছে। আগের নয়টি নারী বিশ্বকাপের প্রতিটিতেই অংশ নেওয়া দলটিকে এবার বিশ্বকাপে যেতে হলে বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হবে। আফ্রিকা থেকে বিশ্বকাপে যাওয়ার জন্য এখনও আরও দুটি জায়গা খালি রয়েছে।

এদিকে, ১০ বারের আফ্রিকা চ্যাম্পিয়ন নাইজেরিয়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ায় এবার নারী আফকনে নতুন কোনো দল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। ফলে মালাউইয়ের রূপকথার যাত্রার পাশাপাশি এবারের আসরে নতুন চ্যাম্পিয়ন দেখার অপেক্ষাও বাড়ছে।

Advertisements
Advertisements