স্কুলের শিক্ষক প্রাইভেট পড়ালে বন্ধ হবে এমপিও: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

স্কুলের শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। তিনি বলেছেন, সরকারি নির্দেশ অমান্য করে কোনো শিক্ষক শিক্ষার্থীদের প্রাইভেট পড়ালে সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও কোনো ধরনের সরকারি বরাদ্দ দেওয়া হবে না বলে সতর্ক করেছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) নাটোরের লালপুর উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয় ও বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।
সভায় শিক্ষকদের উদ্দেশে ফারজানা শারমীন পুতুল বলেন, শিক্ষার্থীদের স্কুলের পড়াশোনা স্কুলেই শেষ করতে হবে। কোনো শিক্ষার্থীর পড়াশোনায় অতিরিক্ত সহায়তার প্রয়োজন হলে বিদ্যালয়েই অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে। শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের বিদ্যালয়েই প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিত করা।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের স্কুলের পড়া স্কুলেই শেষ করাতে হবে। প্রয়োজনে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে। স্কুলের কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তার এমপিও বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি ওই স্কুলের উন্নয়নে কোনো বরাদ্দ দেওয়া হবে না।’
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে অতীতে এমনভাবে পরিচালনা করা হয়েছিল, যাতে কেউ কোনো বিষয়ে কথা বলতে না পারে। তার দাবি, বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চেয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে শিক্ষার পরিবেশ উন্নত করার চেষ্টা করছে।

ফারজানা শারমীন পুতুল বলেন, ‘বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চেয়েছিল, যেন কেউ কোনো কথা বলতে না পারে। আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। এজন্য সরকার শিক্ষকদের জীবনমান উন্নয়নে যা কিছু প্রয়োজন, তার সবই করার চেষ্টা করছে।’
মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবি ইউনিয়ন বিএনপির সভাপতি আবেদ আলী মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোলাম, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু এবং বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনসহ অনেকে।
মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং বিদ্যালয়েই পাঠদান কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।



