মিস ওয়ার্ল্ড ২০২৬-এ অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছেন সামানজার সাঈদ

বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করছেন সামানজার সাঈদ। শনিবার ঢাকা ছাড়বেন তিনি। রোববার দেশটির রাজধানী হ্যানয়ে শুরু হওয়া বৈশ্বিক এই প্রতিযোগিতায় অংশ নেবেন বাংলাদেশের এই সুন্দরী।
বৃহস্পতিবার রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতাকে ঘিরে নিজের প্রস্তুতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন সামানজার। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতক শেষ করা এই তরুণী জানান, কৌতূহল থেকেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। প্রথমবার অংশ নিয়েই তিনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন।
বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাই এখন তার প্রধান লক্ষ্য। প্রতিযোগিতার জন্য গত কয়েক সপ্তাহে ব্যক্তিত্ব বিকাশ, উপস্থাপনা দক্ষতা ও আন্তর্জাতিক মঞ্চে নিজেকে উপস্থাপনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন বলেও জানান তিনি।
পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই গান, নাচ ও খেলাধুলার সঙ্গে যুক্ত সামানজার। টানা চার বছর কথক ও ভরতনাট্যম শিখেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততার কারণে কিছুদিন সৃজনশীল কর্মকাণ্ড থেকে দূরে থাকলেও ভবিষ্যতে আবারও সেসব চর্চায় ফিরতে চান। পাশাপাশি ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয়েও কাজ করার আগ্রহ রয়েছে তার।
গত ১১ জুলাই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ প্রতিযোগিতার বিজয়ী হিসেবে সামানজার সাঈদের নাম ঘোষণা করা হয়। বিদায়ী বিজয়ী আকলিমা আতিকা কনিকার কাছ থেকে তিনি মুকুট গ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপ হন লাবিবা মনজুর।
আগামী ৫ সেপ্টেম্বর ভিয়েতনামের হো চি মিন সিটিতে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য সাফল্য এনে দেওয়াই এখন সামানজার সাঈদের লক্ষ্য।



