বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২ আগস্ট, ২০২৬
বিনোদন

‘আমার সংসারের খরচ কেউ দেয় না, তাই আমায় উপদেশ দেওয়ারও প্রয়োজন নেই’

‘আমার সংসারের খরচ কেউ দেয় না, তাই আমায় উপদেশ দেওয়ারও প্রয়োজন নেই’

নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’ তে অভিনয়ের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার নিজের সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দিয়ে সমালোচকদের উদ্দেশে একটি পোস্ট করেছেন তিনি।

ফেসবুকে দেওয়া পোস্টে বাঁধন জানান, সিনেমাটিতে অভিনয়ে সম্মতি দেওয়া তার জন্য সহজ ছিল না। তবে গল্পের উপস্থাপনা এবং পুরো টিমের কাছ থেকে পাওয়া সম্মান ও সহযোগিতাই তাকে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে।

তিনি লেখেন, ‘এই সিনেমায় কাজ করতে রাজি হওয়াটা আমার জন্য সত্যিই খুব কঠিন একটি সিদ্ধান্ত ছিল। কিন্তু গল্পটি আমার খুব ভালো লেগেছে। শুরু থেকেই পুরো টিমের কাছ থেকে যে সম্মান ও সহযোগিতা পেয়েছি, সেটির জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বাঁধন বলেন, ‘বছরের পর বছর আমি অনেক পরিচালক এবং বিভিন্ন ধরনের প্রযোজনার সঙ্গে কাজ করেছি। প্রতিটি অভিজ্ঞতা আমাকে নতুন কিছু শিখিয়েছে। কিছু অভিজ্ঞতা ছিল ভালো, কিছু ছিল কঠিন। কিন্তু সবকিছুই আমাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে।’

Advertisements

আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, ‘জীবনে যা কিছু পেয়েছি এবং যেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি, সেসবের জন্য আমি কৃতজ্ঞ। প্রতিটি অভিজ্ঞতাই আমাকে আরও শক্তিশালী করেছে।’

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘একটি বিষয় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—আমার বিল কেউ পরিশোধ করে না, আমার জীবনও কেউ আমার হয়ে বাঁচে না। তাই আমার সিদ্ধান্ত নিয়ে দয়া করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাকে উপদেশ দেওয়ার প্রয়োজন নেই। আমার জীবনে এমন মানুষ আছেন, যাদের পরামর্শ আমি বিশ্বাস করি, সম্মান করি এবং গুরুত্ব দিয়ে শুনি।’

পোস্টের শেষাংশে বাঁধন লেখেন, ‘আমি আমার জীবন নিয়ে সুখী। ইনশাআল্লাহ, সময়ের সঙ্গে সঙ্গে আমি আরও এগিয়ে যাব এবং আরও সুখী হব।’

উল্লেখ্য, সম্প্রতি পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’ তে অভিনয়ের ঘোষণা দেন আজমেরী হক বাঁধন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি এবং তার সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

Advertisements
অভিনেত্রীগুলশানের চামেলি