বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
নারী

আদালতে হাজিরা শেষে আইভী বললেন, ‘নির্দোষ হয়েও আমি অপরাধী’

1785219312-8df7b73a7820f4aef47864f2a6c5fccf

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পুলিশের ওপর হামলার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। গত বছর তাকে গ্রেপ্তারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার (২৮ জুলাই) আদালতে উপস্থিত হন তিনি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন আইভী। তার আদালতে উপস্থিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।

আদালতের কার্যক্রম শেষে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেলিনা হায়াৎ আইভী। এ সময় নিজের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘নির্দোষ হয়েও আমি অপরাধী। আমি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আর আজ আমিই অপরাধী! যা-ই হোক, এর বিচার আল্লাহর কাছে আছে। আমার নারায়ণগঞ্জবাসী আছে, তারা সব দেখবে’।

এরপর সাংবাদিকদের সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তিনি নিজের গাড়িতে উঠে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসার উদ্দেশে রওনা হন।

Advertisements

আইভীর আদালতে হাজিরাকে কেন্দ্র করে এদিন আদালত প্রাঙ্গণে তার সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি দেখা যায়। সম্ভাব্য কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, আইভীকে গ্রেপ্তারের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িবহরে হামলার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করা হয়। মঙ্গলবার ওই মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। মামলায় আইভী বর্তমানে জামিনে রয়েছেন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী হাজিরা দিতে এসেছেন।

উল্লেখ্য, গত বছরের ৯ মে হত্যা মামলায় নারায়ণগঞ্জ শহরের নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আরও কয়েকটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারের পর তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৩৯১ দিন বন্দী ছিলেন। পরে গত ৪ জুন জামিনে মুক্তি পান নারায়ণগঞ্জের সাবেক এই মেয়র।

Advertisements
অপরাধীআইভীআদালত