বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
বিবিধ

নামাজে সঠিক সিজদা আদায়ের নিয়ম জানুন

IMG_2799

প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিমের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ফরজ। নামাজের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন হলো সিজদা, যা আল্লাহর প্রতি বান্দার সর্বোচ্চ বিনয়, আনুগত্য ও আত্মসমর্পণের প্রকাশ। ইসলামে সিজদা সঠিক নিয়মে আদায় করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বান্দা যখন সিজদায় থাকে, তখন সে তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। অতএব, তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো।’ (সহিহ মুসলিম: ৪৮২)

হাদিসে এসেছে, নবিজি (সা.) সিজদার সময় কপালের পাশাপাশি নাকও জমিনে দৃঢ়ভাবে লাগিয়ে রাখতেন। আবু হুমাইদ সায়েদি (রা.) বর্ণনা করেন, তিনি সিজদার সময় কপাল ও নাক উভয়ই মাটিতে রাখতেন। (সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ)

আরেক হাদিসে ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তাঁকে সাতটি অঙ্গের ওপর সিজদা করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলো হলো কপাল ও নাক, দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের আঙুল। একই সঙ্গে তিনি সিজদার সময় কাপড় ও চুল গুটিয়ে রাখতে নিষেধ করেছেন। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

Advertisements

ইসলামি বিধান অনুযায়ী, সিজদার সময় এসব অঙ্গ জমিনে রাখা ওয়াজিব। বিশেষ করে দুই পায়ের আঙুল মাটিতে থাকা জরুরি। যদি পুরো সিজদার সময় এক বা উভয় পা মাটি থেকে উঠে থাকে, তাহলে সিজদার ফরজ আদায় হবে না এবং নামাজও শুদ্ধ হবে না। অন্তত এক তাসবিহ পরিমাণ সময় দুই পা জমিনে থাকা আবশ্যক বলে ফিকহবিদরা উল্লেখ করেছেন।

এ ছাড়া কপালের পাশাপাশি নাকও দৃঢ়ভাবে মাটিতে লাগিয়ে রাখা সুন্নতে মুআক্কাদাহ। যেহেতু সিজদা নামাজের অন্যতম ফরজ, তাই তা যথাযথ নিয়মে আদায় করার প্রতি প্রত্যেক মুসল্লির যত্নবান হওয়া প্রয়োজন।

Advertisements
দোয়ানামাজসিজদা