প্রেমের আগে সতর্কতা, সম্ভাব্য সঙ্গীর সহিং’স অতীত জানাবে সরকারি ওয়েবসাইট

আয়ারল্যান্ডে পারিবারিক নির্যাতনকারীদের তালিকা উন্মুক্ত করে দেয়ার ঘোষণা, সম্পর্কে জড়ানোর আগে যাচাই করে নেওয়া যাবে অতীত আচরণের রেকর্ড
আয়ারল্যান্ডে পারিবারিক সহিংসতা ও নারী নির্যাতনের রেকর্ড থাকা অপরাধীদের নাম নিয়ে একটি উন্মুক্ত সরকারি তালিকা বা ‘পাবলিক রেজিস্টার’ তৈরির জন্য ঐতিহাসিক ‘জেনি আইন’ পাস হয়েছে। এর ফলে এখন থেকে যে কেউ নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগেই তাঁর সম্ভাব্য সঙ্গীর অতীতে সহিংস আচরণের কোনো ইতিহাস আছে কি না, তা সহজেই অনলাইনে যাচাই করে নিতে পারবেন। ২০২১ সালে জেনিফার পুল নামের এক নারী তাঁর সঙ্গীর হাতে খুন হন, যার অতীতেও এমন অপরাধের রেকর্ড ছিল। এই ঘটনার পর জেনিফারের পরিবারের দীর্ঘ লড়াইয়ের ফসল হিসেবেই আইনটি আলোর মুখ দেখল।
নতুন এই আইনের অধীনে গুরুতর পারিবারিক সহিংসতা, ধর্ষণ, বা মানসিক নির্যাতনের মতো অপরাধে দণ্ডিতদের নাম আইরিশ কোর্টস সার্ভিসের ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে। তবে নাম প্রকাশের আগে বিচারকের সিদ্ধান্ত এবং ভুক্তভোগীর সম্মতি বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সাজা খাটার তিন বছর পর অপরাধীরা চাইলে নাম সরানোর আবেদনও করতে পারবেন।
যুক্তরাজ্যে এ ধরনের তথ্য জানার জন্য পুলিশের কাছে আবেদনের দীর্ঘ প্রক্রিয়া থাকলেও, আয়ারল্যান্ডে এটি সরাসরি অনলাইনে উন্মুক্ত থাকছে, যা পুরো ইউরোপের মধ্যেই প্রথম। দেশটিতে ক্রমবর্ধমান নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতা রোধে যুগান্তকারী এই পদক্ষেপ একটি শক্তিশালী আইনি ঢাল হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।



