কে হলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬?

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ ‘বিউটি উইথ আ পারপাস’- শিরোনামে এবারের আসরটি সাজানো হয়েছিল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। তিনি বলেন, ‘তরুণদের মডেলিং ও প্রেজেন্টিংয়ের মাধ্যমে দক্ষ করে তোলার লক্ষ্য তাঁদের যাত্রা শুরু হয়েছিল। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যাচ থেকে দেশের শোবিজ অঙ্গনে সফলভাবে কাজ করছেন।’

এবারের আসরে বিচারকের আসনে ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসা, ফ্যাশন ও টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, স্টার লাইফস্টাইল সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ এফা তাবাসসুম।
কঠিন সব ধাপ পেরিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছিলেন সেরা পাঁচ সুন্দরী- আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ এবং স্বাগতা সাহা ঐশী।
চূড়ান্ত ফলাফলে সবাইকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট নিজের করে নেন সামানজার সাঈদ। প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর।



