বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
বিবিধ

সবুজ ও বাসযোগ্য নগর গঠনে কাজ করবে জেলা প্রশাসন: ফরিদা খানম

farida-khanam-1783595232

পরিবেশ সংরক্ষণ এবং পরিচ্ছন্ন ঢাকা জেলা গড়ে তুলতে জেলা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেন, পরিবেশ রক্ষায় বনায়ন ও বৃক্ষরোপণের পাশাপাশি পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

বৃহস্পতিবার দুপুরে ‘সবুজ ঢাকা, অঙ্গীকার আজকের বৃক্ষ—আগামীর নিঃশ্বাস’ স্লোগানকে সামনে রেখে কেরানীগঞ্জে আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা খানম বলেন, কেরানীগঞ্জসহ ঢাকা জেলার সব উপজেলায় পরিচ্ছন্নতা ও বনায়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে কাজ করে যাবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ নিশ্চিত করা গেলে বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মও এর সুফল ভোগ করবে। তাই শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে হবে। একই সঙ্গে নিজের বাড়ি, গ্রাম, মহল্লা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

Advertisements

কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয় দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী থেকে উপজেলা পরিষদ পর্যন্ত এলাকায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

পরে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্জ্যের ধরন অনুযায়ী শ্রেণিবিন্যাস, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন ঢাকা গঠনে করণীয় বিষয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি জিনজিরা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা এবং পি এম পাইলট স্কুলের শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।

Advertisements
ঢাকাপরিচ্ছন্নপরিবেশ সংরক্ষণফরিদা খানম