বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ৬ জুলাই, ২০২৬
বিনোদন

মেয়েকে কোলে নিয়েই অভিনয়ে ফিরছেন বুবলি

bubly-69723210b7a1b

মাতৃত্বের কারণে দীর্ঘদিন আড়ালে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি। ব্যক্তিগত জীবন ও নবজাতক কন্যাসন্তানকে সময় দেওয়ার জন্য ঈদের সিনেমার প্রচারণাসহ সব ধরনের প্রকাশ্য কার্যক্রম থেকে দূরে ছিলেন তিনি। তবে এবার ভক্তদের জন্য সুখবর—মাতৃত্বের বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরছেন এই অভিনেত্রী।

জানা গেছে, আগামী সেপ্টেম্বরে পরিচালক জাহিদ হোসেনের নতুন সিনেমা ঢাকাইয়া দেবদাস’-এর শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে ফিরবেন বুবলি। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ।

পরিচালক জাহিদ হোসেন জানান, বুবলির সঙ্গে ইতোমধ্যে তার কথা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে সেপ্টেম্বরে শুটিংয়ে অংশ নেওয়ার আশ্বাস দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, যেহেতু বুবলি বর্তমানে সন্তান ও নিজের পরিচর্যায় ব্যস্ত, তাই তার অংশের শুটিং শুরুর আগে ছবির অন্যান্য দৃশ্য ধারণের কাজ এগিয়ে নেওয়া হবে।

পুরান ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরতে নির্মিত হচ্ছে ঢাকাইয়া দেবদাস’। সিনেমায় আদর আজাদকে দেখা যাবে একজন শিয়া যুবকের চরিত্রে, আর বুবলি অভিনয় করবেন একজন সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের প্রয়োজনেই দুজনকে উর্দু ভাষায় সংলাপ বলতেও দেখা যাবে।

Advertisements

পরিচালকের ভাষ্য, ছবিটি কেবল বাণিজ্যিক বিনোদনের জন্য নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দর্শকদের কথা মাথায় রেখেও নির্মাণ করা হচ্ছে। এরপর দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। পরিচালক জাহিদ হোসেনের বাবা নাসির হোসেনের গবেষণাগ্রন্থ কিংবদন্তি ঢাকা’ থেকে অনুপ্রাণিত হয়ে পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও মানুষের বাস্তব জীবনের নানা দিক চলচ্চিত্রে তুলে ধরা হবে।

মাতৃত্বের নতুন অধ্যায় শুরু করলেও অভিনয়ের প্রতি ভালোবাসা অটুট রেখেছেন বুবলি। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে আবারও ক্যামেরার সামনে দেখা যাবে তাকে।

Advertisements
চলচ্চিত্রবুবলিসিনেমা