বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ৪ জুলাই, ২০২৬
নারী

জেন জিদের অলস বললেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন

1741314663-1dfeac8f5f3f5fcdec7ab6f6bf8b38b5

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিজের প্রজন্ম ‘জেনারেশন জেড’ বা জেন জি–কে নিয়ে করা মন্তব্যে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি জেন জি তরুণদের ‘অলস’ এবং ‘উদারপন্থী আদর্শে প্রভাবিত’ বলে অভিহিত করেন। একই সঙ্গে তিনি বলেন, যারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন, তাদের কিউবা বা ইরানে পাঠানো উচিত—এমন মন্তব্যও করেন তিনি, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের একটি টক শোতে অংশ নিয়ে ২৮ বছর বয়সী লেভিট এই মন্তব্য করেন। আলোচনার সময় তিনি বলেন, আজকের তরুণ প্রজন্ম যুক্তরাষ্ট্রের প্রচলিত মূল্যবোধ—যেমন কঠোর পরিশ্রম ও মেধাভিত্তিক সমাজব্যবস্থা—থেকে দূরে সরে যাচ্ছে।

তিনি আরও দাবি করেন, জেন জি ও তরুণ প্রজন্ম এমন এক পরিবেশে বড় হয়েছে যেখানে তারা সহজেই সবকিছু পেয়ে যাচ্ছে এবং পরিশ্রমের সংস্কৃতির প্রতি তাদের আগ্রহ কমে যাচ্ছে।

আলোচনার সূত্রপাত হয় যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে তরুণ ও বামপন্থী ডেমোক্র্যাট প্রার্থীদের নির্বাচনী সাফল্যকে কেন্দ্র করে। এ প্রসঙ্গে উপস্থাপক জেসি ওয়াটার্স তরুণদের অর্থনৈতিক অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে লেভিট বলেন, তরুণদের একটি বড় অংশ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তাদের চিন্তাভাবনা প্রভাবিত হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক প্রভাবে।

Advertisements

তিনি বিশ্ববিদ্যালয়ের কিছু ‘উদারপন্থী শিক্ষক’ এবং শিক্ষাব্যবস্থার ভূমিকার সমালোচনা করেন। একই সঙ্গে তিনি এমন অভিভাবকদের প্রশংসা করেন যারা সন্তানদের সাধারণ স্কুলের পরিবর্তে হোমস্কুলিং বা ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাচ্ছেন।

কথোপকথনের এক পর্যায়ে, উপস্থাপক ওয়াটার্স মন্তব্য করেন যে তরুণদের আরও শৃঙ্খলাবদ্ধ করতে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ দেওয়া যেতে পারে। এর জবাবে লেভিট আরও বিতর্কিত মন্তব্য করে বলেন, তাদের কিউবা বা ইরানে পাঠিয়ে দেওয়া হলে তারা বাস্তবতা বুঝতে পারবে এবং দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরে আসতে চাইবে।

তার এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে এটিকে অশোভন, বাস্তবতাবিবর্জিত এবং দায়িত্বজ্ঞানহীন বক্তব্য হিসেবে আখ্যায়িত করেছেন।

সমালোচকেরা যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথাও তুলে ধরেন। তাঁদের মতে, উচ্চ আবাসন ব্যয়, শিক্ষাঋণের চাপ এবং সীমিত চাকরির সুযোগ তরুণদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। অনেক তরুণকে বাধ্য হয়ে দীর্ঘ সময় বাবা-মায়ের সঙ্গে থাকতে হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

Advertisements
জেন জিযুক্তরাষ্ট্রহোয়াইট হাউস