৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিবিধ

একসঙ্গে নিখোঁজ একই স্কুলের ৪ ছাত্রী, ঠাকুরগাঁওয়ে উদ্বিগ্ন পরিবার

as

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই স্কুলের চার শিক্ষার্থী একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে চার কিশোরীর পরিবার ও স্বজনদের।

পরিবারের সদস্যদের ভাষ্য, মঙ্গলবার (১ জুলাই) ভোরে চারজন একসঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু সারাদিন পেরিয়ে রাত হলেও তারা আর বাড়ি ফেরেনি। পরে স্কুল ও প্রাইভেট শিক্ষকের কাছে খোঁজ নিয়ে জানা যায়, ওইদিন তারা কোথাও উপস্থিত হয়নি।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)।

তাদের মধ্যে খুশি, মলিকা ও ঋতু সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং সুজতি একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

পরিবারের সদস্যরা জানান, মেয়েদের সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও কোনো সন্ধান না পাওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তারা দ্রুত চার শিক্ষার্থীকে নিরাপদে ফিরে পাওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, চার শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার বিষয়ে তাদের পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং তাদের সন্ধানে কাজ শুরু করেছে।

Advertisements
Advertisements