বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৯ জুন, ২০২৬
বিবিধ

শহীদ জিয়ার নামে দুটি কলেজের নামকরণের অনুমোদন

education-20260629184215

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান-এর নামে দেশের দুটি বেসরকারি কলেজের নতুন নামকরণের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে আরও তিনটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের অনুমতিও দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজের নতুন নাম হবে ‘শহীদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর’। একইভাবে ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজের নাম পরিবর্তন করে ‘জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ, চরফ্যাশন, ভোলা’ রাখা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে ‘সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ’ করা হয়েছে।

এ ছাড়া পৃথক আরেক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের কটিয়াদীর আয়েশা ছিদ্দিক মহিলা কলেজের নাম পরিবর্তন করে ‘আয়েশা ছিদ্দিক মডেল কলেজ’ করার অনুমোদন দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজগুলোর নাম পরিবর্তন নির্দেশক্রমে অনুমোদন করা হয়েছে।

শহীদ জিয়াউর রহমানশিক্ষাপ্রতিষ্ঠান