চোখধাঁধানো রূপের গোপন রহস্য জানালেন শাকিরা নিজেই
কলম্বিয়ার বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা শুধু তাঁর কণ্ঠ আর নাচের জন্যই নন, বয়সকে যেন হার মানানো সৌন্দর্যের কারণেও নিয়মিত আলোচনায় থাকেন। ৪৯ বছর বয়সেও মঞ্চে তাঁর উজ্জ্বল উপস্থিতি দেখে অনেকেরই প্রশ্ন- এর রহস্য কী? এবার সেই রহস্যের পর্দা নিজেই সরালেন এই সুপারস্টার।
স্টেজে ওঠার আগে শাকিরা অনুসরণ করেন একটি নির্দিষ্ট স্কিন কেয়ার ও ফিটনেস রুটিন, যার বেশিরভাগই তিনি নিজের হাতে সম্পন্ন করেন। প্রথমেই তিনি ব্যবহার করেন রেড লাইট থেরাপি, যা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। এরপর মুখের ফোলাভাব দূর করতে করেন লিম্ফ্যাটিক ড্রেনেজের জন্য গুয়া শা ম্যাসাজ। এমনকি ভোকাল ওয়ার্ম-আপের সময়ও তিনি এই ম্যাসাজ চালিয়ে যান, যাতে একসঙ্গে দুটি কাজই হয়ে যায়।

ত্বক প্রস্তুত হওয়ার পর শুরু হয় মেকআপ। স্বাভাবিক ফিনিশিংয়ের জন্য ফাউন্ডেশন, চোখকে আকর্ষণীয় করে তুলতে আইশ্যাডো, উজ্জ্বল লুকের জন্য লিপস্টিক এবং সবশেষে মেকআপ দীর্ঘক্ষণ ঠিক রাখতে সেটিং স্প্রে ব্যবহার করেন তিনি। মঞ্চে ওঠার ঠিক আগে নিজের পছন্দের পারফিউমও স্প্রে করতে ভোলেন না। এদিকে তাঁর সিগনেচার ঢেউখেলানো চুলের সাজ সম্পন্ন করেন হেয়ারস্টাইলিস্ট।
শরীর ফিট রাখতে শাকিরা শুধু নাচের মহড়ার ওপর নির্ভর করেন না, তাঁর ফিটনেস রুটিনে শরীরের শক্তি এবং নমনীয়তা বাড়ানোর জন্য নির্দিষ্ট কয়েকটি ব্যায়াম অন্তর্ভুক্ত থাকে, যা দুই ঘণ্টার বেশি সময় ধরে একটানা পারফর্ম করার জন্য অপরিহার্য। যেমন—
ডেড লিফট: পিঠ, কোর, গ্লুটস এবং পা শক্তিশালী করার পাশাপাশি দেহভঙ্গিও উন্নত করে।
হিপ থ্রাস্টস: শরীরের নিচের অংশের শক্তি বাড়ানোর জন্য গ্লুটস, ঊরু এবং কোরকে লক্ষ্য করে করা হয় এই ব্যায়াম।
শাকিরা হাতের ব্যায়ামও করেন। এই সবকিছুর ওপরে তিনি যখনই সময় পান, ১০ মিনিটের জন্য নিজে নিজে ম্যাসাজ করে নেন। কারণ, প্রশিক্ষণের মতোই পুনরুদ্ধারও সমান গুরুত্বপূর্ণ।
শো শুরুর আগে তিনি অন্তত ১০ মিনিট ভোকাল ওয়ার্ম-আপ করেন এবং আয়নায় শেষবারের মতো নিজের প্রস্তুতি যাচাই করে তবেই মঞ্চে ওঠেন। শাকিরার মতে, উজ্জ্বল ত্বক ও ফিট শরীরের রহস্য কেবল দামি প্রসাধনী বা গ্ল্যাম টিম নয়; বরং নিয়মিত নিজের যত্ন নেওয়া, ধারাবাহিক স্কিন কেয়ার এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনই তাঁকে প্রতিটি পারফরম্যান্সে সেরাটা দিতে সাহায্য করে।



